Sylhet Today 24 PRINT

টুইটারে মঈনের বাউন্সার সামলানোর সমালোচনায় চোপড়া

স্পোর্টস ডেস্ক  |  ১৯ ডিসেম্বর, ২০১৬

মাঠের লড়াইয়ে ভারতের সঙ্গে একেবারেই পেরে উঠছে না ইংল্যান্ড। সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকা দলটিকে বিদ্ধ হতে হচ্ছে সমালোচকদের তীক্ষ্ণ তিরের ফলায়।

কত আর সহ্য করা যায়! বাউন্সারে মঈন আলীর দুর্বলতা নিয়ে একটি টুইট করেছিলেন ভারতের সাবেক ব্যাটসম্যান আকাশ চোপড়া। এটি একেবারেই হজম করতে পারেননি এই ইংলিশ ক্রিকেটার। খেপে গিয়ে চোপড়াকে আক্রমণ করেই দিয়েছেন এর জবাব।

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে মঈন খেলেছেন ১৪৬ রানের দুর্দান্ত এক ইনিংস। তবে এই ইনিংসে বেশ কয়েকবার ইশান্ত শর্মা আর উমেশ যাদবের বাউন্সার সামলাতে বেশ কসরতই করতে হয়েছে তাঁকে। শেষ অবধি যাদবের একটি শর্ট বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন মঈন।

তৃতীয় দিন ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোতে নিজের বিশ্লেষণে চোপড়া মঈনের বাউন্সার সামলানোর কায়দা নিয়ে সমালোচনা করেন। টুইটারেও দিয়েছেন একটা খোঁচা, ‘বাউন্সার থেকে বাঁচতে তুমি শরীর সরিয়ে নিতে পার না।’ সেখানে বাউন্সার থেকে বাঁচতে মঈন কোনোমতে নিজেকে সরিয়ে নিচ্ছেন এমন একটি ছবিও দিয়েছেন।

মঈন জবাবে কিছুই করেননি। চোপড়ার টেস্ট ক্যারিয়ারের একটি পরিসংখ্যান তুলে দিয়েছেন। সঙ্গে লিখেছেন, ‘আপনার মতামতের জন্য ধন্যবাদ।’

চোপড়াও এর একটা জবাব দিয়েছেন। লিখেছেন, ‘ধন্যবাদ ভাই। ভালো লাগছে যে তুমি শুধু অখুশি আমার ক্যারিয়ার পরিসংখ্যান নিয়ে, আমার লেখা নিয়ে নয়।’
উল্লেখ্য, ভারতের হয়ে ১০ টেস্ট খেলে ২৩ গড়ে ৪৩৭ রান করেন চোপড়া।
সূত্র: জি নিউজ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.