ক্রীড়া প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০১৬
হেগলি ওভালে আগে কখনো খেলা হয়নি বাংলাদেশের। এর আগে ক্রাইশ্চচার্চ শহরে খেলে গেলে সেটা ছিল ভিন্ন আরেকটি স্টেডিয়াম। ভূমিকম্পে সেটি ক্ষতিগ্রস্ত হবার পর সেখানে খেলা হয় না। হেগলি ওভালের উইকেটের চরিত্র কি হতে পারে তা ঠিক ঠাহর করা যাচ্ছে না।
ম্যাচের আগের দিন সাংবাদিকদের সাথে আলাপে তাই মাশরাফি মজার ছলে বলছিলেন, "এখানে এসে দেখলাম কিছুটা সবুজ উইকেট, আজ দেখছি ব্রাউনি হচ্ছে, কাল হয়তবা এসে দেখব সাদা হয়ে গেছে"।
তবে উইকেটের রঙ যেমনই হোক সেটা যে মিরপুর বা চট্টগ্রামের মত হবে না তা নিশ্চিতভাবেই জানেন সবাই। এখানে তাই অতিরিক্ত স্পিনারের বদলে অতিরিক্ত পেসার নিয়ে খেলার সম্ভবনাই বেশি। চার পেসার খেলানোর ব্যাপারে ইঙ্গিত দিলেন মাশরাফিও।
"হয়ত এখানে চার পেসার নিয়ে নামতে হবে। মোস্তাফিজের জন্য শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। সবাই ফোকাসড, কন্ডিশন যাইহোক আশা করি ইতিবাচক কিছু হবে"
মাশরাফি, তাসকিন, রুবেল খেলছেন কেবল মোস্তাফিজের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মোস্তাফিজ যদি না খেলেন তবে চতুর্থ পেসার হিসেবে অভিষেক হতে পারে শুভাশিস রায়ের।
সোমবার বাংলাদেশ সময় ভোর চারটায় ব্লাক ক্যাপসদে মুখোমুখি হবে টাইগার বাহিনী।