স্পোর্টস ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৬
অনূর্ধ্ব-১৪ ক্রিকেটের সিলেট অঞ্চলের খেলায় সিলেট জেলাকে বিশাল ব্যবধানে পরাজিত করে শুভ সূচনা করেছে হবিগঞ্জ জেলা।
রোববার (২৫ ডিসেম্বর) হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় হবিগঞ্জ ১১৩ রানে সিলেট জেলা দলকে পরাজিত করে।
টসে জয়লাভ করে হবিগঞ্জের অধিনায়ক ইমন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ৪৪ ওভারে তারা সব কয়টি উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমরুল কায়েস ৫৩, জালাল ৩৬ ও রাফি ২৬ রান সংগ্রহ করেন। সিলেটের সুমন ৪টি উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে সিলেট ৩৬.৪ ওভারে ৬৮ রান করে অল আউট হয়ে যায়। হবিগঞ্জের অধিনায়ক ইমন ৩টি, লিখন, জালাল ও সজিব ২টি করে উইকেট লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন হবিগঞ্জের ইমরুল কায়েস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্নামেন্টে ৪টি জেলা অংশগ্রহণ করছে। অপর দুটি দল হল সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা।
রোববার সকালে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, আবুল কালাম ও হুমায়ুন কবির চৌধুরী শাহেদ।