Sylhet Today 24 PRINT

ইতিহাস গড়ার হাতছানি নিয়ে ভোরে শুরু হচ্ছে মিশন নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৬

তখনও খেলবেন কি না নিশ্চিত হওয়া যায়নি, তবু নিজেকে ঝালাই করে নিচ্ছেন মোস্তাফিজ

বাংলাদেশে তখন সূর্য উঠবে না। তখনও ভোর হয় হয়। তার আগেই সুদূরের নিউজিল্যান্ডে মাঠে নেমে পড়বে বাংলার টাইগররা। মূলত আজ ভোরেই শুরু হচ্ছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর।

'বক্সিং ডে' ম্যাচ, বড়দিনে বুড়ো সান্তাক্লজ যে উপহারের 'বাক্স' ঘরের সামনে রেখে গেছে, সেটাই আজ কৌতূহলভরে খোলা হবে। নিউজিল্যান্ডের মানুষ এই দিনটির অপেক্ষায় থাকে বিশেষ উপহারের জন্য। আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টা তেমনই এক 'উপহারে'র ম্যাচ দেখায় উদগ্রীব ক্রাইস্টচার্চের ক্রিকেটপ্রেমীরা।

কিউইদের কাছে দিনটি যেমন উৎসবের 'বক্সিং ডে', বাংলাদেশিদের কাছেও তেমনই তা আবেগের। কেননা ঘরের উঠোনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের পর এবার মাশরাফিদের যে বিদেশে গিয়েও লাল-সবুজের পতাকা উঁচুতে তোলার সময় এসেছে। 'নিউজিল্যান্ডে গিয়ে সিরিজ জেতাটা বেশ কঠিন। সেখানকার কন্ডিশন ভিন্ন, পিচও পেস সহায়ক। তার পরও আমাদের দলটি এখন এমন, বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো দলকে হারানোর মতো মানসিকতা রাখে'- দেশ ছাড়ার আগে চোয়াল শক্ত করে কথাগুলো বলে গিয়েছিলেন মাশরাফি।

আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে ম্যাচটি শুরু হবে ভোর চারটায়। এই ম্যাচের মধ্যদিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস বদলাতে চায় বাংলাদেশ। আর সম্প্রতি ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষকে ভুগতে থাকা নিউজিল্যান্ড আছে প্রত্যাবর্তনের আশায়।

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ৮ ওয়ানডের মধ্যে ৭টিতেই জিতেছে বাংলাদেশ। ২০১০ সালে বাংলাদেশ সফরে আসে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে কিউইদের ৪-০ ব্যবধানে হারিয়েছিলো টাইগাররা। সিরিজের একটি ম্যাচ হয় পরিত্যক্ত।

এরপর ২০১৩ সালে আবারো বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হারে নিউজিল্যান্ড। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ৭ ম্যাচ জয়ের স্বাদ নেয় টাইগাররা।

২০১৩ সালের পর আর কোন দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি বাংলাদেশ-নিউজিল্যান্ড। তবে ২০১৫ বিশ্বকাপে পুল ‘এ’র ম্যাচে দেখা হয় দুই দলের। কিন্তু ওই ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ।

টানা সাত ম্যাচ হারের পর, অবশেষে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে জয়ের মুখ দেখে নিউজিল্যান্ড। ফলে সর্বশেষ আট ম্যাচের পরিসংখ্যানে- বাংলাদেশ ৭, নিউজিল্যান্ড ১। তবে সাম্প্রতিক ইতিহাস যাই হোক, নিউজিল্যান্ডের মাটিতে পুরো ইতিহাসটাই পাল্টাতে চায় বাংলাদেশ।

সম্প্রতি নিউজিল্যান্ড দল খুব একটা ফর্মে নেই। ওয়ানডে ফরমেটে ভারতের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও ৩-০ ব্যবধানে হেরেছে তারা। এর মাঝে অবশ্য দলটি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে। তাই সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজটিকে নিজেদের আত্মবিশ্বাস ফেরানোর মঞ্চ হিসেবেই দেখছে কিউইরা।

দুদলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: মাশরাফি বিন মোর্তুজা(অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম(উই.কিপার), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, তানভীর হায়দার/মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন(অধিনায়ক), মার্টিন গাপটিল, টম লাথাম, নিল ব্রুম, কলিন মুনরো, লুক রনকি(উই.কিপার), কলিন ডি গ্রান্ডহোমি, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি ও লুকি ফার্গুসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.