Sylhet Today 24 PRINT

১৪ বছর আগে আর্সেনালের গড়া কীর্তি ভাঙ্গার অপেক্ষায় চেলসি

স্পোর্টস ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৬

বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়ে দারুণ এক রেকর্ড নিজেদের করে নিয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১২ ম্যাচ জয়! চেলসির ইতিহাসেই এমন অপ্রতিরোধ্য যাত্রা আসেনি কখনো। শুধু নিজেদের নয়, চেলসি এখন ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ডের পেছনে ছুটছে। আর্সেনালের ‘অদম্য’ দলটি জিতেছিল টানা ১৩ ম্যাচ। ১৪ বছর আগে গড়া সেই কীর্তি ছুঁতে আর এক জয় পেছনে আছে চেলসি।

ইংলিশ প্রিমিয়ার লিগের মতো লিগে টানা এতগুলো জয় যে কত অবিশ্বাস্য, সেটা আর্সেনালের কীর্তিটার দিকে তাকালেও বোঝা যাবে। গত ১৪ বছরে এমন অপরাজেয় যাত্রা পায়নি আর কোনো ক্লাব। আর্সেনালের সেই দলটা তো ‘ইনভিন্সিবল’ নামও পেয়ে গিয়েছিল। চেলসির সামনে এখন সুযোগ সেই রেকর্ড নিজেদের করে নেওয়ার।

তবে আন্তোনিও কন্তেকে নাকি এসব টানছেই না। চেলসি কোচ বলেছেন মোদ্দা কথাটাই। রেকর্ড দিয়ে কী হবে, তাঁর চাই শিরোপা।

পেদ্রোর জোড়া, সঙ্গে এডেন হ্যাজার্ডের গোল চেলসিকে কাল এনে দিয়েছে দুর্দান্ত এই জয়। স্টামফোর্ড ব্রিজে পরের ম্যাচে স্টোক সিটির বিপক্ষে জিতলে আর্সেনালের পাশে বসবে তারা। টটেনহাম হটস্পারের বিপক্ষে জয় চেলসিকে এনে দেবে প্রিমিয়ার লিগে টানা জয়ের নতুন রেকর্ড।

তবে কন্তে বলছেন, ‘এ ব্যাপারে যদি কিছু বলতে হয়, তাহলে বলব, আমি লিগের শেষ ম্যাচ পর্যন্ত টানা জেতার প্রত্যাশা করি। কিন্তু জানি, সেটি মোটেও সহজ কিছু হবে না।’

লিগে নিজ দলের খেলোয়াড়দের মনোযোগ আর হার না-মানা মনোভাবে সন্তুষ্ট এই ইতালীয়, ‘দলের খেলোয়াড়দের নিরবচ্ছিন্ন মনোযোগ দেখে ভালো লাগছে। জয়ের একধরনের উদগ্রীব নেশা নিয়ে এগিয়ে চলেছে তারা। টানা ১২টি ম্যাচ জেতা কিন্তু মোটেও সহজ কাজ নয়। সাফল্যটা দারুণ, কিন্তু সাফল্য ধরে রাখা বেশি কঠিন।’

এই মুহূর্তে লিগের পয়েন্ট তালিকার দিকেই বেশি মনোযোগ কন্তের, ‘আমার কাছে এই মুহূর্তে লিগের পয়েন্ট তালিকাটাই বেশি গুরুত্বপূর্ণ।’

১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। দুইয়ে থাকা ম্যান সিটির সঙ্গে তাদের পার্থক্য ৭ পয়েন্টের। অবশ্য আজ স্টোক সিটির বিপক্ষে জিতলে লিভারপুলের পয়েন্ট হয়ে যাবে ৪০। তখন দুইয়ে উঠবে ক্লপের দল।
সূত্র: এএফপি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.