Sylhet Today 24 PRINT

অভিষেকেই অনিকের অর্ধশতক, বিপর্যয় কাটিয়ে খেলায় ফিরল সিলেট

ক্রীড়া প্রতিবেদক |  ২৭ ডিসেম্বর, ২০১৬

বয়সের কারণে সদ্য অনূর্ধ্ব-১৯ দলের পাঠ চুকিয়ে  এসে প্রথমবারের মত প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে নামা জাকের আলী অনিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে রংপুরের সাথে বিপর্যয় কাটিয়ে দিন প্রথম দিন পার করেছে স্বাগতিক সিলেট বিভাগ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় স্তরের পঞ্চম রাউন্ডের  ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অলক কাপালির দল।

মাত্র ৭৪ রানের মধ্যে অধিনায়ক অলকসহ টপ অর্ডারের ৪ ব্যাটসম্যান ফিরে যান। বেশিক্ষণ টিকতে পারেননি অভিজ্ঞ রাজিন সালেহ। এক পর্যায়ে ১৪৩ রানে ৬ষ্ঠ উইকেট হারানোর পর প্রথম দিয়েই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল স্বাগতিকরা। তবে রাহাতুল ফেরদৌস জাভেদকে নিয়ে দিনের বাকিটা সময় পার করে দেন জাকের আলি অনিক। দিনশেষে ১৩৫ বলে ৮ চার ও ১ ছয়ে ৬৩ রান করে অপরাজিত আছেন এই ডানহাতি তরুণ। সঙ্গী জাভেদের রান ১৯।  যুবদলে সিলেটের আরেক উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকির হাসানের কারণে নিয়মিত মাঠে নামা হত না অনিকের। একই অবস্থার তৈরি হয় প্রথম শ্রেনীতেও তবে উইকেট রক্ষকের গ্লাভস ছেড়ে কেবল ব্যাটসম্যান হিসেবে খেলে বাজিমাত করলেন হবিগঞ্জ থেকে উঠা আসা এই তরুণ।

রংপুরের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন সোহরাওয়ার্দি শুভ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.