Sylhet Today 24 PRINT

ফেসবুকে স্ত্রীর সাথে ছবি দিয়ে ধর্মীয় উগ্রবাদীদের আক্রমনের শিকার শামি

স্পোর্টস ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে এর আগেও অনেকে ধর্মান্ধদের আক্রমণের শিকার হয়েছেন। এবার সেই আক্রমণের শিকার ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি। ঘটনার শুরু একটি ছবি নিয়ে।

পেসার শামি রোববার ফেসবুক ও টুইটারে তার স্ত্রীর সাথে তোলা একটি ছবি পোস্ট করেন। এর সাথে তিনি লিখেন 'সুন্দর কিছু মুহূর্ত'। ছবিতে স্লিভলেস গাউন পরা শামির স্ত্রী।

অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয় ছবিটি। তবে ছবিটি দেখে অনেকেই শামিকে আক্রমণ করে মন্তব্য করতে থাকেন। তাদের অভিযোগ, শামির স্ত্রীর পোশাক ইসলামবিরোধী। ছবির নিচে কিছু লোক মন্তব্য করে শামিকে ইসলাম অনুসরণ করার পরামর্শ দেন। শামির স্ত্রীকে 'শালীন পোশাক' পরারও পরামর্শ দেন কেউ কেউ!

তবে এসব মন্তব্য ও সমালোচনার কড়া জবাব দিয়েছেন পেসার শামি। তিনি বলেছেন, 'স্ত্রী-সন্তানকে কি ধরনের পোশাক পরাব তা নিয়ে কারো পরামর্শের প্রয়োজন নেই।'

শামির হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির আরেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। মোহাম্মদ শামির স্ত্রীর পোশাক নিয়ে মন্তব্যগুলোকে তিনি 'লজ্জাজনক' বলে উল্লেখ করেন। এক টুইটে তিনি বলেন, 'আমি শামিকে সমর্থন করি।'
সূত্র: এনডিটিভি, জি-নিউজ ও হিন্দুস্তান টাইমস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.