Sylhet Today 24 PRINT

বিশ্রাম দেয়া হতে পারে মোস্তাফিজকে, বাদ পড়তে পারেন সৌম্য

বৃহস্পতিবার বাংলাদেশ-নিউ জিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে

স্পোর্টস ডেস্ক  |  ২৮ ডিসেম্বর, ২০১৬

প্রথম ওয়ানডে চলাকালে ইনজুরিতে পড়া মুশফিকুর রহিম যে দ্বিতীয় ওয়ানডেতে খেলছেন না, তা জানা গেছে আগেই। দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়া মুশফিকের জায়গায় কাল অভিষেক হবে উইকেট রক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের।

তবে নেলসনে অনুষ্ঠেয় কিউইদের বিপক্ষে কালকের ওয়ানডেতে মাঠের বাইরে থাকতে পারেন 'কাটার-মাস্টার' মোস্তাফিজুর রহমানও। আর বাজে ফর্মের কারণে বাদ পড়তে পারেন সৌম্য সরকার। তাঁর জায়গায় ওয়ানডে অভিষেক হতে পারে লেগ স্পিনার তানভীর হায়দারের।

দলীয় সূত্রে জানা গেছে, ফিজিওর পরামর্শেই কাল বিশ্রাম দেওয়া হতে পারে মোস্তাফিজকে। চোট থেকে মাত্র ফেরায় তাঁকে একটানা খেলাতে চান না ফিজিও। মোস্তাফিজের পরিবর্তে দলে আসতে পারেন আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা পেসার শুভাশিস রায়।

মুশফিকের পরিবর্তে দলে আসা সোহানের কাল ওয়ানডে অভিষেক হলেও এর আগে জাতীয় দলের হয়ে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.