Sylhet Today 24 PRINT

বোলারদের প্রশংসা, ব্যাটসম্যানদের দুষলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক  |  ২৯ ডিসেম্বর, ২০১৬

প্রথম ম্যাচে বোলার ও ফিল্ডারদের ব্যর্থতায় বড় ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। আর বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে হারলো ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে। ৭৯ রান তুলতে শেষ ৯ উইকেট হারিয়েছে টাইগাররা। ২৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ১০৫ রান তুলেও ৬৭ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ!

এই হারের কোনো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছেন না অধিনায়ক মাশরাফি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এভাবে হারাটা খুবই হতাশার। এই ম্যাচে ব্যাটিংটা একেবারেই ভালো হয়নি আমাদের। উইকেট ভালো ছিল। এই পিচে ২৫২ রান তাড়া না করতে পারার কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমি।"

টাইগার বোলারদের প্রশংসা করে অধিনায়ক বলেন, "এই পিচে নিউজিল্যান্ডের মতো দলকে ২৫০ রানের মধ্যে বেধে রাখা সহজ নয়। বোলাররা দারুণ করেছে আজ।"

ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসহীনতাকে দায়ি করে মাশরাফি বলেন, "ভালো শুরুর পরও উইকেট থ্রো করে এসেছি আমরা। দুই উইকেট হারিয়ে যাবার পর ব্যাটসম্যানরাও হতাশ হয়ে পড়েছিল।"

সিরিজ হারলেও মনোবল হারাননি নড়াইল এক্সপ্রেস। বলেন, "সামনে আরো বেশ কয়েকটি ম্যাচ আছে। আমাদের আবার নতুন করে পরিকল্পনা করতে হবে। আর পরের ম্যাচে যাতে ভুলগুলি আর না হয় সেই চেষ্টা করতে হবে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.