Sylhet Today 24 PRINT

অভিষেকেই তানবিরকে আইসিসির তিরস্কার

স্পোর্টস ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৬

বাংলাদেশের অভিষেকটা স্মরণীয় হলো না তানবির হায়দারের। বল হাতে ৮ ওভারে  ৪৭ রান দেওয়ার পর ব্যাট হাতে করেছেন মাত্র ২টি রান। দলগতভাবেও কোনও প্রাপ্তির দেখা পাননি তিনি। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে হারের পর নতুন করে যুক্ত হলো আইসিসির কঠোর তিরস্কার।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে নেলসনে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আইসিসির আচরণবিধি ভাঙার কারণে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে তানবির হায়দারকে।

আইসিসির আচরণবিধির ২.১.৪ অনুচ্ছেদ ভেঙেছেন তানবির, যেখানে বলা আছে ‘আন্তর্জাতিক ম্যাচে অশ্রাব্য ভাষা ব্যবহার ও অশালীন অঙ্গভঙ্গি করা অপরাধ’। এ আচরণ করায় ২৫ বছর বয়সীর ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলো। ৭.৬ অনুচ্ছেদ অনুযায়ী, তানবির যদি ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পান তাহলে সাসপেনশন পয়েন্ট পেয়ে নিষিদ্ধ হবেন।

ঘটনাটি ঘটেছিল ১৯তম ওভারের শেষ বলে। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান নেইল ব্রুমের কাছে একটি চার হজমের পর অশ্রাব্য ভাষা ব্যবহার করেন তানবির। সেটা কানে যায় মাঠের আম্পায়ার পল রাইফেল ও ক্রিস ব্রাউনের।

ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে দোষ স্বীকার করায় কোনও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়ে নি না।
সূত্র: আইসিসি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.