Sylhet Today 24 PRINT

আমার কাজ পারফর্ম করা, বাকিটা বোর্ডের দায়িত্ব : নাসির

নিজস্ব প্রতিবেদক |  ২৯ ডিসেম্বর, ২০১৬

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন। স্বভাবতই তাকে নিয়ে সংবাদ কর্মীদের আগ্রহ থাকবে। তারউপর তিনি যদি হন নাসির হোসেন তাহলে নিশ্চিতভাবেই আগ্রহ আরো বেড়ে যায়।

দল থেকে বাদ পড়া, ভালো পারফরম্যান্স করেও সুযোগ না পাওয়া, জনপ্রত্যাশার চাপে ফের দলে অন্তর্ভূক্তি, তাকে নিয়ে বোর্ডকর্তাদের নানা মন্তব্য- এমন বিভিন্ন কারণে সমসময় বাংলাদেশ ক্রিকেটের এক আলোচিত চরিত্র নাসির হোসেন। দূভার্গাও নয় কি?

ফলে আজ (বুধবার) জাতীয় লীগে নাসির হোসেনের ডাবল সেঞ্চুরির সংবাদে সাংবাদিকরা ভিড় করেন সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। কিছুক্ষণ আগেই এই স্টেডিয়ামে ইতিহাস গড়েছেন তিনি। আজকের ডাবল সেঞ্চুরিটি কেবল নাসিরের ক্যারিয়ারের নয়, এই স্টেডিয়ামে হওয়া প্রথম ডাবল সেঞ্চুরিও এটি।

তো এমন কীর্তি গড়া নাসিরকে অভিবাদন জানাতে শেষ  বিকেলে তৃতীয় দিনের খেলা শেষে যখন ডাগ আউটে অপেক্ষমান সতীর্থ আর সাংবাদিকরা, তখন আচমকা উল্টো হাঁটা শুরু করলেন তিনি।

যাদের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন সেই সিলেটের ডাগ আউটের দিকেই ছুটলেন নাসির। রহস্যের ঘোর বেশিক্ষণ স্থায়ী হলো না। একটু পরেই দেখা গেলো বিপরীত পাশের গ্যালারিতে বসা ক্ষুদে দর্শকদের সাথে করমর্দনে ব্যস্ত নাসির। এতক্ষণ ‌'নাসির ভাই', 'নাসির ভাই' বলে চিৎকার করছিলো।

ক্ষুদে ভক্তদের এই ডাক এড়াতে পারেননি নাসির। তাই সোজা চলে গেলেন গ্যালারির শিশুদের কাছে। তাদের হাতে হাত মেলালেন, কারো মাথা-পিঠ চাপড়েও দিলেন।

এরপর মুখোমুখি হন সংবাদমাধ্যমের। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা প্রসঙ্গে বলেন, ‌আমি আনন্দিত। যে পজিশনে ব্যাটিং করি সেখানে বড় ইনিংস খেলার খুব বেশি সুযোগ হয় না। বড় পরিসরের ম্যাচ হওয়ায় এবার তা সম্ভব হয়েছে।

বাংলাদেশ ক্রিকেটে যেনো উপেক্ষারই অপর নাম নাসির। দিনের পর দিন ব্যাটে বলে পারফর্ম করে করে দলে থেকে যাচ্ছেন উপেক্ষিত। চলমান নিউজিল্যান্ড সফরেও ডাক পাননি নাসির। নিউজ্যাল্যান্ডে ব্যাটিং ব্যর্থতায় যেদিন হেরেছে বাংলাদেশ, সেদিনই ব্যাটিংয়ে এমন উজ্জ্বল নাসির। স্বভাবতই দলে ঠাঁই না পাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলো।

জবাবে নাসির বললেন, আমার কাজ পারফর্ম করা। আমি যথাসাধ্য পারফর্ম করতে চেষ্টা করছি। বাকীটা বোর্ডের দায়িত্ব। দল নির্বাচন করবে বোর্ড আর নির্বাচকরা। তাদের কাজ তারা করবেন।

সিলেটের মাঠের প্রশংসা করে নাসির বলেন, এই মাঠঠি খুবই সন্দর। ক্রিকেটের জন্য আদর্শ। আশা করছি এখানে শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হবে।

বৃহস্পতিবার জাতীয় লীগে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে সিলেট বিভাগের বিপক্ষে ২০১ রান করেন রংপুরের নাসির।

১৪টি চার ও একটি ছক্কা হাঁকিয়ে নাসির তার শতক পূর্ণ করেছিলেন। তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে ডাবল সেঞ্চুরি স্পর্শ করা এই টাইগার নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন।

নাসিরের বিশাল ইনিংসের উপর ভর করে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে  রংপুর। নাসির ছাড়াও ৭৮ রান করেছেন সোহরাওয়ার্দি শুভ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.