স্পোর্টস ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৬
ছবিঃ সংগৃহীত
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছেন বাংলার নারী ফুটবলাররা।
শিলিগুঁড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের ৬টি গোলের মধ্যে ৫টি গোল একাই করেছেন অধিনায়ক সাবিনা খাতুন।
প্রথমার্ধেই আফগানদের জালে চারবার বল জড়ায় বাংলাদেশ। এই ৪টি গোলই করেন ফরোয়ার্ড সাবিনা। দ্বিতীয়ার্ধে নিজের পঞ্চম গোলটি করেন তিনি। অবশিষ্ট গোলটি করেন সিরাত জাহান স্বপ্না।
টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান। দু’দিন আগে ‘বি’ গ্রুপের প্রথম খেলায় তারা ভারতের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়।
আগামী ৩১ ডিসেম্বর গ্রুপ সেরা হয়ে সেমিতে ওঠার লড়াইয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
সাফ চ্যাম্পিয়নশিপে আগের তিনটি আসরে দু’বার সেমিফাইনাল থেকেই বিদায় নেয় বাংলাদেশ। ওই তিন আসরেই শিরোপা জিতেছিলো ভারত।