Sylhet Today 24 PRINT

খেলার মাঠে প্রেমিকা আন্নাকে বিয়ের প্রস্তাব দিলেন শচীন

স্পোর্টস ডেস্ক  |  ০২ জানুয়ারী, ২০১৭

গত রিও অলিম্পিকে দেখা গিয়েছিলো এমন চমকপ্রদ দৃশ্য। চীনা সাঁতারু হি ঝিকে হাঁটু গেড়ে বসে ফুল দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তাঁরই স্বদেশি সাঁতারু কিন কেই। বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলেছিলো সেই প্রস্তাবটি।

এবার খেলার মাঠে বিয়ের প্রস্তাব দিয়ে সাড়া ফেলে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার শচীন বেবী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার শচীন প্রেমিকা আন্না ক্যান্ডিকে প্রস্তাব দিতে বেছে নিয়েছেন খেলার মাঠকে।

সেই প্রস্তাবের ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, একজন দর্শকও নেই গ্যালারিতে। শুধু মাঠে ব্যাটসম্যান শচীন বেবী আর বোলার বেশে বেঙ্গালুরুর জার্সি গায়ে আন্না ক্যান্ডি। পিচে যাওয়ার আগে চোখাচোখি হয় বোলার আন্না ও ব্যাটসম্যান শচীনের! ব্যাট-বলের খেলা হয় অল্প কিছুক্ষণ। এক পর্যায়ে আন্নার বলে উপড়ে যায় শচীনের উইকেট। উচ্ছ্বাসে মেতে ওঠেন বোলার আন্না। পরে বোলারের সামনে এসে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেন ব্যাটসম্যান শচীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.