Sylhet Today 24 PRINT

আছে আক্ষেপ, তবু সৌম্যকে নিয়ে আশাবাদী মাশরাফি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৭

অনেকদিন ধরেই রান পাচ্ছেন না। দলে তার অর্ন্তভুক্তি নিয়ে প্রশ্ন ওঠতে শুরু করেছে। তবু টিম ম্যানেজম্যান্ট আস্থা রাখছে সৌম্য সরকারের উপর।

মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাদশেও একাদশে ছিলেন এই বাঁহাতি। আউট হয়েছেন শূন্য রানে। তবে রান না পাওয়ার চেয়েও ম্যাচ শেষে আলোচনায় ফিল্ডার সৌম্য, যেখানে সৌম্যকে নিয়ে প্রশ্ন ওঠেনি এতোদিন। বরং প্রশ্নাতীতভাবেই দলের অন্যতম সেরা ফিল্ডার সৌম্য সরকার।

মঙ্গলবারের ম্যাচের ১৪তম ওভার। মাশরাফি বল তুলে দিলেন সাকিবকে। দ্বিতীয় বলেই উড়িয়ে মারলেন উইলিয়ামসন। কিন্তু ডিপ মিড উইকেটে ফিল্ডার সৌম্য সীমানা ছেড়ে দাঁড়িয়ে ছিলেন ১০ গজ মতো ভেতরে! বল গেল গুলির বেগে, সৌম্যর পেছনে ফেরার সুযোগই নেই। মাথার ওপর দিয়ে মাঠে এক বাউন্সে সীমানার বাইরে। অথচ যেখানে থাকার কথা, সৌম্য সেই সীমানায় থাকলে সেটি হতে পারত সহজ ক্যাচ।

ম্যাচ শেষে সাংবাদ সম্মেলনে দলনেতা মাশরাফির কণ্ঠেও সেই আক্ষেপ। বললেন, “ইস, যদি একটু পিছিয়ে থাকত সৌম্য… কেন যে সামনে আসতে গেল!” বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস, সৌম্য যদি তখন পজিশনে থাকতেন, যদি এই সময় আউট হতেন কেন উইলিয়ামসন, ম্যাচ অন্যরকমও হতে পারত!

অনেক সময় বোলারই ফিল্ডাকে একটু সামনে রেখে দেন, যাতে ব্যাটসম্যানের ঠিকমত টাইমিং না হলে ক্যাচ ফিল্ডারের হাতেই জমে। তবে মাশরাফি জানালেন, এ দিন বোলারের কোনো নির্দেশনা ছিল না।

“ওই দিকে মাঠ একটু বড় বলে হয়ত সৌম্য ৫-১০ গজ ভেতরে ওপরে ছিল। কোনো নির্দেশনা ছিল না। কোনো ভাবে, কানো কারণে ও ওপরে ছিল। হয়ত চিন্তা করেছে যে পেছন গিয়ে সামলে নিতে পারবে। কিন্তু পারেনি।”

এসব ক্ষেত্রে বেশির ভাগই বলের ফ্লাইট বুঝে নিজেকে সঠিক পজিশনে নেওয়া যায়। তবে এই শটে জোর এত বেশি ছিল যে সৌম্য ঠিক দ্রুত পেছনে যেতে পারেনি।

সৌম্যর যে সুযোগ ছিল না, সেটি ছিল ইমরুল কায়েসের। মিড উইকেটের সুযোগ মিসের পর এবার সৌম্য বোলার। উইলিয়ামসন আবারও উড়িয়ে মারলেন। এবার লং অফে দাঁড়ানো ইমরুল ছিলেন খানিকটা ভেতরে। বল উড়ে আসতে দেখে গড়বড় করে ফেলেন ফ্লাইট বুঝতে। অনেকটা সময় বল ছিল বাতাসে, ঠিক পজিশনে যাওয়ার সুযোগ ছিল। পারেননি ইমরুল।

দুটি সুযোগের জন্যই ম্যাচ শেষে আক্ষেপ ঝরল মাশরাফির কণ্ঠে। বিশেষ করে সৌম্যর সামনে থাকার ঘটনায়।

সৌম্যর ওই ভুলের সময় ৪৩ রানে অপরাজিত ছিলেন উইলয়ামসন। ওই বলে আউট হলে নিউ জিল্যান্ডের লাগত ৪০ বলে ৬১।

শেষ পর্যন্ত কিউইরা জিতেছে দুই ওভার বাকি থাকতেই, অধিনায়ক অপরাজিত ছিলেন ৭৩ রানে। আর বাংলাদেশ যথারীতি আক্ষেপ করছে সুযোগ হাতছাড়া করার; আরও একবার!

তবে দুঃসময়ে তরুণ সৌম্যের পাশের আছেন টাইগার দলপতি। কথা বলতে হয় দলে সৌম্যর থাকার যৌক্তিকতা নিয়ে। সৌম্য প্রসঙ্গে মাশরাফি বলেন, “আপনি যদি পরিসংখ্যান দেখেন, সবাই বিশ্বাস করে সৌম্য বাংলাদেশ দলের ম্যাচ উইনার। সে ম্যাচ জিতিয়ছেও। আমরা অনেকে এখনও ওর মতো ম্যাচ জেতাতে পারিনি। ওর ইতিহাস যদি দেখেন, এখনও ও এত ‘এক্সপেনসিভ’ না।”

মাশরাফি মনে করেন, চেনা ছন্দে ফিরতে সৌম্যর সময় দরকার। এ দিন মঞ্চটা পেয়েছিলেনও তিনি। কিন্তু আউট হয়ে গেলেন শুরুতেই।

“আজকে সময় নিয়ে তারপর খেলতে পারতো। কিন্তু দুর্ভাগ্য আউট হয়ে গেছে প্রথম বলে। ওকে নিয়ে আমি এখনও আশাবাদী।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.