Sylhet Today 24 PRINT

টি-টোয়েন্টির শীর্ষ দশে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০১৭

টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ১০ ধাপ এগিয়ে ১০ নম্বরে অবস্থান করছেন এই 'কাটার মাস্টার'।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২১ রান দিয়ে ১ উইকেট নেন মোস্তাফিজ। পরের ম্যাচে ৩০ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। আর সিরিজের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি। তবু র‌্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি ঘটলো মোস্তাফিজের।

বাংলাদেশি বোলারদের মধ্যে মোস্তাফিজের পরেই রয়েছেন সাকিব আল হাসান। এই টাইগার অলরাউন্ডারে অবস্থান ১১ নম্বরে। এছাড়া আল-আমিন হোসেন ২৭ ও মাশরাফি বিন মুর্তজা রয়েছেন ৪৩ নম্বরে।

দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির সর্বোচ্চ ৭৪০ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন। শীর্ষ পাঁচে থাকা অপর চারজন হলেন- জসপ্রিত বুমরাহ (৭৩৫), স্যামুয়েল বদ্রি (৭২৩), ইমাদ ওয়াসিম (৭১৮) ও রশিদ খান (৭০৬)।  মোস্তাফিজের (৬৪৩) চেয়ে এগিয়ে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (৬৮৪), জেমস ফকনার (৬৭২), কাইল অ্যাবট (৬৭১) ও সুনিল নারিন (৬৫৩)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.