স্পোর্টস ডেস্ক | ২২ জানুয়ারী, ২০১৭
কলম্বিয়ার মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় ব্রাজিলিয়ান ক্লাব শ্যাপেকোয়েন্সের মূল দলের খেলোয়াড়দের একটি বড় অংশ মারা যাওয়ার আড়াই মাস পর তারা আবারো মাঠে নেমেছে।
গত বছরের ২৯ নভেম্বর কোপা সুদামেরিকা ফাইনালে অ্যাটলেটিকো ন্যাসিওনালের বিরুদ্ধে খেলতে কলম্বিয়া যাওয়ার পথে বিমান দুর্ঘটনার শিকার হয় এ ফুটবল দলটি। এ সময় দলটির ১৭ জন খেলোয়াড় ও স্টাফ মারা যায়। বিমানটির মোট ৭৬ জন যাত্রী নিহত হয়েছিলেন এই দুর্ঘটনায়। বিমান দুর্ঘটনার সেই শোক কাটিয়ে শুক্রবার ঘরের মাঠ অ্যারেনা কোন্ডায় নতুন খেলোয়াড় নিয়ে অনুশীলন করেছে শ্যাপেকোয়েন্সের খেলোয়াড়রা।
গত বছর ডিসেম্বর থেকে আবারো দল গোছাতে ব্যস্ত হয়ে যায় শাপেকোয়েন্সে। তারা ২২ জন নতুন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করে। ব্রাজিলের লিগ চ্যাম্পিয়ন পালমিরাসের সঙ্গে একটি ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করে শাপেকোয়েন্সে। এ ম্যাচকে ঘিরেই শুক্রবার অনুশীলন করে খেলোয়াড়রা। সেসময় সেখানে উপস্থিত ছিলেন এই বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া দলটির সদস্য ডিফেন্ডার নেতো ও অ্যালেন রুসচেল এবং গোলরক্ষক জ্যাকসন ফলম্যান। এদের মধ্যে জ্যাকসনের পায়ে এখনো ব্যান্ডেজ রয়েছে। হুইল চেয়ারে করে যাতায়াত করতে হচ্ছে তাকে।ধারে খেলতে এসে দলে যোগ দিয়েছেন নতুন ১৭ জন খেলোয়াড়। দলটির নতুন কোচ ভ্যাগনার ম্যানচিনি। দলের নেতৃত্বে ছিলেন নেতো। তাদের মধ্যে একজন ওয়েলিংটন পলিস্টা যিনি ওয়েস্টহ্যাম ইউনাইটেডে খেলে এসেছেন।
এই ম্যাচে অংশ নেয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ২৪১ জন সাংবাদিককে আসার অনুমতি দেয়া ক্লাবটি। খেলা চলাকালে ৭১ মিনিটে বিরতি নেয়া হয়। এ সময় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি সম্মান জানাতে দর্শকরা দাঁড়িয়ে হাততালি দেয়।
এ ছাড়া আগামী বুধবার (২৫ জানুয়ারি) বিমান দুর্ঘটনায় নিহত শ্যাপেকোয়েন্স দলের খেলোয়াড়দের পরিবারকে সাহায্য করতে কলম্বিয়ার সাথে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
প্রসঙ্গত, লামিয়া এয়ারলাইন্সের ভাড়া করা বিমানে কলম্বিয়ার মেদেলিন শহরে যাওয়ার পথে ২৮ নভেম্বর স্থানীয় সময় রাতে বৈদ্যুতিক গোলযোগের কারণে মেদেলিন বিমানবন্দর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে একটি পাহাড়ি এলাকায় শ্যাপেকোয়েন্স ফুটবল ক্লাবের ১৯ জন খেলোয়াড়সহ মোট ৮১ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। মর্মান্তিক ওই দুর্ঘটনায় ৭৬ জন নিহত হয়।
এই দুর্ঘটনার খবর প্রকাশের পর শোকের ছায়া নেমে আসে গোটা ফুটবল বিশ্বে।