Sylhet Today 24 PRINT

অপরাধ করেছি, দেশবাসীর কাছে ক্ষমা চাই : তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৭

ব্যর্থতার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমের চোটের কারণে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করা তামিম ইকবাল।

সোমবার (২৩ জানুয়ারি) ক্রাইস্টচার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। ব্যাট হাতে চরমভাবে ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল। এই ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন এই বাঁ-হাতি ওপেনার।

পাঁচ দিনের ম্যাচে একদিন বাকি থাকতেই বাংলাদেশ হেরেছে নয় উইকেটের বিশাল ব্যবধানে। অধিনায়ক তামিম প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৮ রান করেন।

সোমবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, দলের যে প্রত্যাশা ছিল আমার প্রতি, তা পূরণে আমি চরমভাবে ব্যর্থ হয়েছি। এতে আমি নিজেও চরম হতাশ হয়েছি। ভালো কিছু করার সুযোগ থাকা সত্ত্বেও তা করতে না পারাটা অপরাধ। আমি সেই অপরাধে অপরাধী।

এর জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক। বলেছেন, একজন অধিনায়ক হিসেবে দলকে যেভাবে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন ছিল, আমি তা পারিনি। এই পরাজয়ের পুরো দায়ভার আমার। এর জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি।

নিজের ব্যাটিং ব্যর্থতায় ক্ষুব্ধ তামিম বলেছেন, দ্বিতীয় ইনিংসে আমি যেভাবে আউট হয়েছি, সেটি একেবারেই রাবিশ। আমার উচিত ছিল বাজে বলের জন্য অপেক্ষা করা। কারণ অধিনায়ক শুধু নামে নয়, অনেক সময় ব্যাটিং দিয়েও সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। সেটা আমি পারিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.