Sylhet Today 24 PRINT

আগামী বিশ্বকাপ থেকে বাদ পড়ার মুখে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৭

ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ সালের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঝুঁকির মুখে রয়েছে পাকিস্তান। শুক্রবার (২৭ জানুয়ারি) ওয়ানডে ক্রিকেটের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করে এই আশঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির হিসাব অনুযায়ী, বর্তমানে ৮৯ পয়েন্ট নিয়ে বিশ্বের ক্রিকেট দলগুলোর র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে রয়েছে পাকিস্তান। তাই তারা আগামী ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে।

আইসিসির র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশেরও দুই ধাপ পেছনে রয়েছে পাকিস্তান।

আইসিসির দাবি, এভাবে চললে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়া থেকে ছিটকে যেতে পারে পাকিস্তান। এক্ষেত্রে পাকিস্তানকে তাদের পয়েন্ট ও র‍্যাঙ্কিং বাড়াতে হবে। তা না হলে পরের বিশ্বকাপে পাকিস্তানকে খেলতে দেখা ‌যাবে না।

২০১৯ সালের ৩০ মে শুরু হয়ে ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট চলবে ১৫ জুলাই পর্যন্ত। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি র‍্যাঙ্কিংয়ে থাকা প্রথম ৮টি দল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে।

অবশ্য পাকিস্তানের সামনে এখনও সুযোগ রয়েছে তাদের র‍্যাঙ্কিং উন্নত করার। সামনে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ২টি টেস্ট, ৩টি একদিনের ম্যাচ ও ১টি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে। ওই সুযোগ কাজে লাগাতে না পারলে পাকিস্তানের ভরাডুবি নিশ্চিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.