ক্রীড়া প্রতিবেদক | ২৮ জানুয়ারী, ২০১৭
বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর পঞ্চম আসরে দারুণ শুরু করেছে ইস্ট জোন। সেন্ট্রাল জোনকে ২২৪ রান অলআউট করার পর দিনশেষে বিনা উইকেটে ৯৫ রান তুলেছে অলক কাপালীর দল। ৫ উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি। সিলেটে অন্য ম্যাচে সাউথ জোনের বিপক্ষে ৩ উইকেটে ২১০ রান তুলেছে নর্থ জোন।
ইস্ট জোন-সেন্ট্রাল জোন
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঘন কুয়াশায় টস জিতে সেন্ট্রাল জোনকে ব্যাটিংয়ে পাঠান ইস্ট জোনের অধিনায়ক অলক কাপালী। চার পেসার নিয়ে নামা ইস্ট জোন শুরু থেকেই কন্ডিশনের সুযোগ কাজে লাগিয়ে সেন্ট্রাল জোনকে চেপে ধরে। ইবাদত হোসেন, আবু জায়েদ আর সাইফুদ্দিন মিলে বর্তমান চ্যাম্পিয়নদের টপ অর্ডার গুড়িয়ে দেন। ১৪০ রান তুলতেই ৮ উইকেট হারানোর পর দুই অভিজ্ঞ মোশাররফ রুবেল ও মোহাম্মদ শরিফ মিলে দলকে ২২৪ রান পর্যন্ত নিয়ে যান। মোশাররফ ৪৬ রান করে অপরাজিত ছিলেন। জায়েদ ৫, ইবাদত ও সাকলাইন সজীব ২টি করে উইকেট নিয়েছেন।
জবাবে লিটন দাসের ঝড়ো সূচনায় সুবিধাজনক অবস্থানে চলে যায় গতবারের রানার্সআপরা। ৫৯ বলে ৬০ রান করে অপরাজিত আছেন লিটন। সঙ্গী মেহেদি মারুফের রান ৩২।
সাউথ জোন-নর্থ জোন
সিলেটে টস জিতে ব্যাট করা নর্থ জোনের দিন ভালো হয়েছে অধিনায়ক জহুরুল হক ও নাঈম ইসলামের দুই অর্ধশতকে।
মন্থর গতিতে ৯৩ ওভার ব্যাট করে ৩ উইকেটে ২১০ রান তুলে উত্তরের দলটি। ৬৫ রান করে জহুরুল ফিরলেও দিনশেষে ৫৪ রান নিয়ে অপরাজিত আছেন নাঈম। সঙ্গী নাসির হোসেন অপরাজিত আছেন ৩৫ রানে।