স্পোর্টস ডেস্ক | ২৮ জানুয়ারী, ২০১৭
এমনিতেই লিওনেল মেসির জাদু বিশ্বজোড়া ডিফেন্ডারদের রাতের ঘুম কেড়ে নেয়। বার্সেলোনা নাকি এখন তাঁর একজন দোসরও পেয়ে গেছে। কাতালান ক্লাবটির নতুন জাদুকরের নাম ডেনিস সুয়ারেজ। দুজন একসঙ্গে তাঁদের জাদুর কাঠি ঘোরালে প্রতিপক্ষের কী অবস্থা হবে ভাবুন তো! বার্সেলোনার প্রতিপক্ষরা তাই সাবধান!
বার্সেলোনার একাডেমিরই খেলোয়াড় ছিলেন সুয়ারেজ। সেভিয়া-ভিয়ারিয়াল ঘুরে চলতি মৌসুমেই আবার ‘ঘরে’ ফেরেন স্প্যানিশ এই মিডফিল্ডার। ট্রান্সফারের বাই-ব্যাক ক্লজ কাজে লাগিয়ে তাঁকে ফিরিয়ে আনে বার্সা। ন্যু ক্যাম্পে ফিরে ২৫টি ম্যাচ খেলে ফেলেছেন। তবে ফুল হয়ে ফুটতে শুরু করেছেন সম্প্রতি। বিশেষ করে বার্সেলোনার সর্বশেষ দুই ম্যাচে আলো ছড়িয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন। এই দুই ম্যাচে তাঁর গোল তিনটি।
গত রোববার স্প্যানিশ লিগে এইবারের বিপক্ষে শুরুর একাদশে সুযোগ পাননি। সার্জিও বুসকেটস চোট পেয়ে মাঠ ছাড়লে সুয়ারেজকে নামান লুইস এনরিকে। সেই ম্যাচে অসাধারণ খেলে একটি গোলও করেন। কোচ তাতে মুগ্ধ। পরশু কোপা ডেল রের শেষ আটের দ্বিতীয় লেগের ম্যাচে জায়গা পান শুরুর একাদশে। কিছুদিন ধরেই একটু নিচে নেমে খেলা মেসির সঙ্গে জুটি গড়ে বার্সার মাঝমাঠটাকে আগের চেয়েও অদম্য করে তোলেন। সুয়ারেজ নিজেও বলছেন, মেসির সঙ্গে তাঁর জুটিটা জমে উঠছে, ‘লিওর সঙ্গে আমার বিশেষ বোঝাপড়া আছে। আমি যখন তার পাশে খেলি, আমার সবকিছু ঠিকঠাক হয়।’
এইবারের বিপক্ষে সুয়ারেজ গোলটি পান মেসির কল্যাণেই। মেসির জোরালো শট ঠিকভাবে বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক। ফিরে আসা বল জালে পাঠান সুয়ারেজ। পরশু রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১৭ মিনিটে লুইস সুয়ারেজের পাসে বার্সাকে এগিয়ে দেন ডেনিস সুয়ারেজ। ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসির পাস থেকে। এর মাঝে গোল করেন মেসি, লুইস সুয়ারেজ ও আরদা তুরান। ডেনিসের মতো লুইস সুয়ারেজের গোলেও অবদান রাখেন মেসি। ৫-২ গোলে জিতে সেমিফাইনালে বার্সেলোনা। শেষ চারে বার্সার প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ।
বার্সেলোনার সর্বশেষ দুই ম্যাচেই মেসি ছিলেন দ্বৈত ভূমিকায়—মিডফিল্ডার আর ফরোয়ার্ড। দুটি ম্যাচেই এই দ্বৈত ভূমিকায় দারুণ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। বরাবরের মতোই তাঁকে কোচ এনরিকের স্তুতি, ‘মেসি যেখানে চায় সেখানেই খেলতে পারে। বাস্তবতা হচ্ছে নির্দিষ্ট কিছু ম্যাচে তার মাঝমাঠ থেকে উঠে আসাটা ফল নির্ধারক হয়।’
ডেনিস সুয়ারেজকে নিয়ে অনেকেই ভাবছেন, একদিন প্লে-মেকার আন্দ্রেস ইনিয়েস্তার জায়গা নেবেন। তাঁকে দেখে কারও কারও আবার মনে পড়ে যায় জাভি হার্নান্দেজের কথাও। সুয়ারেজ কি পারবেন ইনিয়েস্তা বা জাভি হতে? সুয়ারেজে মুগ্ধ এনরিকে পাল্টা প্রশ্ন করে বসেন, ‘কেন নয়? সে পারবে।’ এনরিকে আরও বিশদ হন, ‘খেলোয়াড়দের ধীরে ধীরে প্রস্ফুটিত হতে হয়। তাকে উন্নতি করতে হবে। কিন্তু ইনিয়েস্তা হ্যারি পটার, সে জাদু দেখায়। এ রকম আরেকজন খুঁজে পাওয়া কঠিন। ডেনিস কিন্তু ঠিক পথেই আছে। আমি মনে করি, সেও জাদুকর হতে পারবে।’
সূত্র: এএফপি, রয়টার্স, মার্কা