Sylhet Today 24 PRINT

৯টির মধ্যে ৬টি স্বর্ণ জিতে আন্তর্জাতিক আর্চারিতে সেরা বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  |  ৩০ জানুয়ারী, ২০১৭

আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন বাংলাদেশের আর্চাররা। আসরে ৯টি স্বর্ণপদকের লড়াইয়ে ৬টি স্বর্ণই জিতে নিয়েছে বাংলাদেশ।

সোমবার (৩০ জানুয়ারি) মওলানা ভাসানী স্টেডিয়ামে রিকার্ভ বো ইভেন্টের মেয়েদের এককে বাংলাদেশের হীরা মনি ৬-৪ সেট পয়েন্টে আজারবাইজানের রামোজানোভা ইয়ালাগুলকে হারিয়ে দেশকে প্রথম স্বর্ণ পদক এনে দেন।

রিকার্ভ বো ইভেন্টে মেয়েদের দলগত ইভেন্টে শ্যামলী রায়, বিউটি রায় ও নাদিয়া আক্তার শাপলাকে নিয়ে গড়া বাংলাদেশ ৬-২ সেটে নেপালকে হারিয়ে দ্বিতীয় স্বর্ণ জেতে। এই বিভাগে ছেলেদের দলগত ইভেন্টও স্বর্ণ পায় স্বাগতিক বাংলাদেশ। রোমান সানা, সানোয়ার হোসেন ও মোহাম্মদ তামিমুল ইসলাম ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে ভুটানকে হারিয়ে জেতেন স্বর্ণ।

মিশ্র দলগত ইভেন্টেও বাংলাদেশের রোমান সানা ও বিউটি রায় ভুটানকে হারিয়ে দেশের হয়ে স্বর্ণ জেতেন। ছেলেদের দলগত ইভেন্টে আবুল কাশেম, নাজমুল হুদা ও মিলন মোল্লা ২১৪-২০৭ স্কোরে হারিয়ে বাংলাদেশকে এনে দেন পঞ্চম স্বর্ণ।

কম্পাউন্ড বো ইভেন্টের মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশের আবুল কাশেম মামুন ও সুস্মিতা বণিক ইরাকের আল-দাঘমান এশাক ও ফাতিমাহ আল মাসহাদানিকে ১৪৯-১৪১ ব্যবধানে হারিয়ে দেশকে ষষ্ঠ স্বর্ণ-সাফল্য এনে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.