Sylhet Today 24 PRINT

তিন হাজারী ক্লাবে মুশফিক

স্পোর্টস ডেস্ক  |  ১১ ফেব্রুয়ারী, ২০১৭

ছবিঃ ক্রিকইনফো

হায়দরাবাদ টেস্ট শুরুর পর মুশফিকুর রহিমের অদজিনায়কত্ব আর উইকেট কিপিং নিয়ে সমালোচনা হচ্ছিলো বেশ। তবে ব্যাটসম্যান মুশফিক দায়িত্ব নিলেন ব্যাট হাতে সব সমালোচনার জবাব দিতে। হার না মানা লড়াকু অর্ধশতক হাঁকিয়ে টেস্টের তৃতীয় দিন শেষে মাথা উঁচু করেই মাঠ ছাড়লেন টাইগার অধিনায়ক।

ভারতের বিশাল স্কোরের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংসে যখন ব্যাটিং বিপর্যয়, তখনই প্রতিরোধ গড়লেন মুশফিক। খেললেন ৮১ রানের অপরাজিত ইনিংস। আর এই ইনিংসটি খেলার পথে গড়লেন দারুণ একটি কীর্তিও। বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে তিন হাজারী ক্লাবে লেখালেন নিজের নাম।

হায়দ্রাবাদ টেস্ট শুরুর আগে তিন হাজার থেকে ৭৮ রান দূরে ছিলেন মুশফিক। তৃতীয় দিনের শেষ ওভারের পঞ্চম বলে ইশান্ত শর্মা স্কয়ার লেগ দিয়ে চার হাঁকিয়ে তিন হাজারী ক্লাবের সদস্য হয়ে যান তিনি। ৫১ টেস্ট এখন পর্যন্ত তাঁর মোট রান ৩ হাজার ৩।

সবার আগে তিন হাজার রান করেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তিনি করেছেন ৩ হাজার ২৬ রান। এরপর এই ক্লাবের সদস্য হন সাকিব আল হাসান। এখন পর্যন্ত তাঁর সংগ্রহ ৩ হাজার ২৯৫। আর ৩ হাজার ৪৬৭ রান নিয়ে শীর্ষে আছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

হাবিবুল বাশার বেশ আগেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে সাকিব, তামিম আর মুশফিক তিনজনই এখনও খেলায় আছেন। তাই রান সংগ্রহে কে কাকে ছেড়ে এগিয়ে যাবেন, সেটাই এখন দেখার বিষয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.