Sylhet Today 24 PRINT

সবার উপরে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৭

পয়েন্ট তালিকায় সবার উপরে উঠেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ এ জায়ান্ট ওসাসুনার বিপক্ষে জিতেছে ৩-১ গোলের ব্যবধানে।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর ম্যাচে সমতা আনেন সের্হিও লেওন। দ্বিতীয়ার্ধে ইসকো ও লুকাস ভাসকেসের গোলে জয় নিশ্চিত হয় জিনদিনে জিদানের দলটির।

এর আগে আলাভেসের মাঠে লিগ টেবিলের শীর্ষে উঠেছিল বার্সেলোনা। কিন্তু আর টেকেনি বেশিক্ষণ, রিয়ালই বার্সাকে নামিয়ে দিলো দুইয়ে।

খেলার ২৪তম মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার রক্ষণচেরা পাস ধরে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন রোনালদো। চলতি লিগে তার এটি চতুর্দশ গোল। ১৮ গোল নিয়ে তালিকার শীর্ষে লুইস সুয়ারেস। বার্সেলোনার আরেক তারকা লিওনেল মেসির গোল ১৭টি।

৩৩তম মিনিটে পাল্টা আক্রমণে দলকে সমতায় ফেরান লেওন।

ম্যাচের ৫৭তম মিনিটে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন কাসেমিরো, বদলি নামেন হামেস রদ্রিগেস। পাঁচ মিনিট পর আবারও এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সে বেনজেমা বলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পেয়ে যান ইসকো। ছয় গজ বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই স্প্যানিয়ার্ড।

যোগ করা সময়ে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন ভাসকেস। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে চিপ শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান বদলি নামা এই ফরোয়ার্ড।

এই জয়ে শীর্ষে ওঠা রিয়ালের পয়েন্ট হলো ২০ ম্যাচে ৪৯। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা, দুই ম্যাচ বেশি খেলেছে তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.