Sylhet Today 24 PRINT

তাসকিনের জোড়া আঘাতে ফিরলেন ভারতের দুই ওপেনার

ক্রীড়া প্রতিবেদক  |  ১২ ফেব্রুয়ারী, ২০১৭

লাঞ্চের পরপরই জোড়া আঘাত হানলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। কিপার মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠিয়েছেন ভারতীয় ওপেনার মুরালি বিজয় (৭) ) লোকেশ রাহুলকে (১০)।

দলীয় ১২ রানে তাসকিনের করা অফ স্ট্যাম্পের বাইরের একটি শর্ট বল বিজয়ের ব্যাটার কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে দাঁড়ানো মুশফিকের হাতে। জোরালো আপিল করেন মুশফিক আর তাসকিন দুজনেই। অবশ্য আউট হয়ে নিজেই সাজঘরের দিকে হাঁটতে শুরু করে দিয়েছিলেন বিজয়। আম্পায়ার তাকে অপেক্ষা করতে বলেন বলটা 'নো বল' কিনা তা একবার দেখে নেয়ার জন্য। পরে তা নিশ্চিত হয়ে আউট দেন আম্পায়ার।

দলীয় ২৩ রানে দ্বিতীয় আঘাত হানেন সেই তাসকিন। প্রায় একইভাবে মুশফিকের গ্লাভসবন্দি করান আরেক ওপেনার রাহুলকে।

এর আগে ৪র্থ দিনে লাঞ্চের আগে ৩৮৮ রান করে অলআউট হয় বাংলাদেশ। ফলো অন করানোর সুযোগ থাকলেও তা না করিয়ে আবার ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের লিড ৩২৬ রানের। হাতে আছে ৮ উইকেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.