স্পোর্টস ডেস্ক | ১৩ ফেব্রুয়ারী, ২০১৭
হায়দ্রাবাদ টেস্টে বাংলাদেশ ২০৮ রানে পরাস্ত হয়েছে। টাইগার স্কিপার মুশফিকুর রহিম ম্যাচ শেষে এই টেস্টের অভিজ্ঞতাকে সামনের দিনগুলোতে কাজে লাগানোর কথা বললেন। পরাজয়ের কারণ হিসেবে বাজে ফিল্ডিংকে দায়ী করলেন মুশফিকুর রহিম। ফিল্ডিং নিয়ে মোটেই খুশি নন মুশফিক, ক্যাচ পড়েছে, নিজেও স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করেছেন। তাই বললেন ‘টেস্টে ফিল্ডিংটাই আমাদের ডুবিয়েছে।’
‘আমরা যদি ভারতকে ৫৫০-৬০০ রানের মধ্যে বেঁধে রাখতে পারতাম, তাহলে আমাদের জন্য একটা সুযোগ তৈরি হতো। প্রথম ইনিংসে আমরা বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু কাজে লাগানো যায়নি’
অন্যদিকে মার্চেই শ্রীলংকা সফরে যাচ্ছে টাইগাররা। ওই সফরে ২টি টেস্ট, ৩ টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। মুশফিকের আশা, ‘হায়দ্রাবাদ টেস্টের ভুল থেকে দল শিক্ষা নেবে। শ্রীলঙ্কার বিপক্ষে তা শোধরে নিতে হবে। আমাদের ছোট ছোট জায়গায় আরো উন্নতি করতে হবে।’
তবে হায়দ্রাবাদ টেস্টের বেশ কিছু ভালো দিকও তুলে ধরেছেন মুশফিক। দুই ইনিংসেই ১০০ ওভারের বেশি ব্যাটিং করাটা অনেক ইতিবাচক উল্লেখ করে মুশফিক বলেন ‘আমি খেলোয়াড়দের নিয়ে গর্বিত। দুই ইনিংসেই আমরা ১০০ ওভারের বেশি ব্যাটিং করেছি। এমনকি টেল এন্ডাররাও দ্বিতীয় ইনিংসে লড়াকু মনোভাব দেখিয়েছে। ব্যাটে-বলে মেহেদী ভালো করেছে। তাইজুল ভালো করেছে।’
মুশফিক আরো বলেন, ‘আগামী দিনগুলোতে যদি আমরা টেস্টে পাঁচদিন পর্যন্ত প্রতিযোগিতা করতে পারি তাহলে বড় দলগুলোকে আমরা চাপে ফেলতে পারবো।’