Sylhet Today 24 PRINT

একটাই প্ল্যান ছিলো, আউট হবো না : রাব্বি

ক্রীড়া প্রতিবেদক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

হায়দ্রাবাদ টেস্টে শেষ ব্যাটসম্যান হিসেবে যখন তাসকিন আউট হলেন, অপরপ্রান্তে তখন ৭০ বলে ৩ রান করে অপরাজিত কামরুল ইসলাম রাব্বি। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে পরিস্থিতির দাবি সবচেয়ে বেশি মিটেছে তার ব্যাটে। অথচ তিনি মূলত ব্যাটসম্যান নন। প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা ‘রাব্বি’ হতে পারলেই হয়তো ম্যাচটা বাঁচানো যেত।

মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে রাব্বি বলেন, “আসলে আমার একটাই প্ল্যান ছিলো, আউট হবো না। ডিফেন্স করে যতক্ষণ থাকা যায় থাকব। সেটা করতে পেরে ভালো লাগছে, তবে ড্র করতে পারলে বেশি খুশি লাগত।”

ব্যাটিংয়ে অবদান রেখেছেন, তবে তার মূল কাজ বোলিং। সেটা ভালো করতে না পারার হতাশাও প্রকাশ করলেন।

“আশা অনুযায়ী বোলিং ভালো করতে পারিনি, তাই ওই জায়গায় আফসোস রয়ে গেছে। তো নেক্সট টাইমে ভুলগুলো শুধরে ট্রাই করব ভালো করতে।”

গত অক্টোবরে ইংল্যান্ডের সাথে অভিষেকের পর ৫ টেস্ট খেলে ৭ উইকেট নিয়েছেন রাব্বি। নিউ জিল্যান্ডে ভালো বল করেও খুব বেশি উইকেট শিকার পারেননি। তবে সেখানেও ৬৩ বলে ২ রানের ব্যাটিং করে আলাদা করে চিনিয়েছেন নিজেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.