Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা শহিদ আফ্রিদির

ক্রীড়া প্রতিবেদক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৭

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের অন্যতম সেরা অলরাউন্ডার শহিদ আফ্রিদি। এর ফলে ২১ বছরের দুর্দান্ত ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। ২০১০ সালে টেস্ট ও ২০১৫ বিশ্বকাপে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছিলেন আফ্রিদি। এবার টি-টোয়েন্টি ক্রিকেটেরও ইতি টানলেন।

ঘোষণার আগে পিএসএলে করাচি কিংসের বিপক্ষে পেশোয়ার জালমির হয়ে ২৮ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ডান-হাতি। যদিও শেষ পর্যন্ত তার দল হেরে গেছে ৯ রানে।

এমন ম্যাচে হারের পর নিজের বিদায়ের কথা জানিয়ে আফ্রিদি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটকে আমার বিদায় বলতে হচ্ছে।আমি আমার ভক্তদের জন্যই এখন খেলছি। এই লিগে আরও দুই বছর খেলবো। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতেই হচ্ছে। আমি আমার দেশের জন্য পেশাদারভাবে ও গুরুত্ব দিয়েই এতদিন খেলেছি।’

আফ্রিদি সর্বশেষ পাকিস্তানের হয়ে ভারতে অনুষ্ঠিত ২০১৬ টি-২০ বিশ্বকাপে খেলেছিলেন। সেবার দলটির পারফরম্যান্স খারাপ হওয়ায় নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। তার অধীনে পাকিস্তান ২০১১ ওয়ানডে বিশ্বকাপও খেলেছিল।

‘বুম বুম’ নামে পরিচিত আফ্রিদি ১৯৯৬ সালে নিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি করে গড়েন বিশ্ব রেকর্ড।

আফ্রিদি ২০১০ সালে সর্বশেষ টেস্ট খেলেছেন। আর ২০১৫ সালের বিশ্বকাপের পরই ওয়ানডে থেকে অবসর নেন। তবে টি ২০ চালিয়ে যাচ্ছিলেন, ২০১৬ সালের বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্বও দিয়েছেন এই লেগ স্পিনার।

ভারতের মাটিতে ওই আসরে পাকিস্তানের ব্যর্থতার জেরে অধিনায়কত্ব ছেড়ে দিতে বাধ্য হন আফ্রিদি। এরপর বিগত এক বছরে পাকিস্তান দলের নিয়মিত সদস্য হিসেবেও তিনি আর ডাক পাননি।

আফ্রিদি ২০১৬ সালের মার্চে মোহালিতে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি ২০ খেলেছেন। তবে তিনি এই মারকুটে ফরমেটে বিশ্বজুড়েই বিজ্ঞাপন হয়ে বেড়িয়েছেন।

এর মধ্যে ন্যাটওয়েস্ট টি ২০ ব্লাস্টে হ্যামশায়ারের হয়ে, পাকিস্তানের জাতীয় লীগে ইসলামাবাদের, বাংলাদেশ প্রিমিয়ার লীগে রংপুর রাইডার্সের এবং পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলছেন।

১৯৯৬ সালে শ্রীলংকার বিপক্ষে মাত্র ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড গড়ে ভক্তদের হৃদয়ে আসন করে নেন আফ্রিদি। অবশ্য তার এ রেকর্ড ১৮ বছর পরে ভেঙে দেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন মাত্র ৩৬ বলে, ২০১৪ সালে। এরপর দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩১ বলে শতক করে রেকর্ডটি একান্তই নিজের করে নেন, ২০১৫ সালে।

ক্যারিয়ারে মাত্র ২৭টি টেস্ট খেলেছেন আফ্রিদি, এক হাজার ১৭৬ রানের সঙ্গে রয়েছে ৪৮টি উইকেট। সর্বোচ্চ রান করেছেন ১৫৬।
৩৯৮ ওয়ানডেতে তার রান ৮ হাজার ৬৪, উইকেট ৩৯৫। সর্বোচ্চ রানের ইনিংস ১২৪। আর টি ২০ খেলেছেন ৯৮টি। রান করেছেন এক হাজার ৪০৫ রান, উইকেট ৯৭টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.