স্পোর্টস ডেস্ক | ২০ ফেব্রুয়ারী, ২০১৭
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়েছে নিলাম। এই নিলামে নাম উঠলেও দল পাননি বাংলাদেশি তারকা এনামুল হক বিজয়। ৩০ লাখ রুপির ভিত্তি মূল্যতে নাম উঠলেও তাকে নিতে সাড়া দেয়নি কোনো দল।
এদিন সকালে সর্বোচ্চ দাম পেয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। ১৪.৫ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে রাইজিং পুনে সুপার জায়ান্টস। দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ইংল্যান্ড পেসার টাইমাল মিলস। তাকে ১২ কোটি রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক এয়োইন মরগানকে ২ কোটি রুপির ভিত্তি মূল্যে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। আর শ্রীলঙ্কান অধিনায়ক ম্যাথুসকে ২ কোটি ভিত্তি মূল্যে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস।
কেনার দিকে মনোযোগী ছিল দিল্লি ডেয়ারডেভিলস। ৫ কোটি রুপিতে তারা প্রোটিয়া পেসার কাগিসো রাবাদাকে, ৪.৫ কোটিতে প্যাট কামিন্সকে ও ১ কোটি রুপিতে কিউই তারকা কোরে অ্যান্ডারসনকে কিনেছে দিল্লি।
প্রথমবারের মতো আইপিএল ইতিহাসে দল পেয়েছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার রশিদ খান ও মোহাম্মদ নবি। রশিদ খানকে ৪ কোটি রুপিতে আর নবিকে ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে কিনেছে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএল নিলামে রয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, সাব্বির রহমান ও মেহেদী হাসান। তাদের নাম এখনও ডাকা হয়নি।