Sylhet Today 24 PRINT

৩৯১ রানে ইনিংস ঘোষণার পর বোলিংয়েও দুর্দান্ত বাংলাদেশ

শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক  |  ০৩ মার্চ, ২০১৭

বোলিংয়ে বিধ্বংসী তাসকিন

শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে গতকালের করা ৭ উইকেটে ৩৯১ রান নিয়ে আজ (৩ মার্চ) ব্যাটিংয়ে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বোলারদের প্রস্তুতির সুবিধার্থে সকালেই ইনিংস ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ। তাই আজ আর ব্যাট হাতে নামেননি লিটন দাস ও তাইজুল ইসলাম।

প্রথম দিনের ব্যাটিং শেষে ৬৪ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। ৫৭ বলে ১০টি চারে ৬৪ রান করেন লিটন। আর অপর প্রান্তে ৪ রানে ব্যাট করছিলেন তাইজুল।

গতকাল বৃহস্পতিবার মরাটুয়ার ডি জয়সা স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যক্তিগত ৯ রান করে লাহিরু সামাকোনের বলে রন চন্দ্রাগুপ্তাকে ক্যাচ দিয়ে ওপেনার সৌম্য সরকার ফিরে গেলেও দুর্দান্ত ব্যাট করেছেন আরেক ওপেনার তামিম ইকবাল। তৃতীয় উইকেট জুটিতে মমিনুল হককে নিয়ে ১৪৩ রান সংগ্রহ করেন তামিম। ১০৩ বলে ৭৩ রান করে অবসরে যান মমিনুল। এরপরই নিজের শতক তুলে নেন তামিম। ব্যক্তিগত ১৩৬ রানে অবসর নেন তামিম।

তামিমের বিদায়ের পর মাহমুদউল্লাহর ৪৩, সাকিব ৩০ ও মুশফিকের ২১ রানে ভর করে ভালো অবস্থানে পৌঁছে যায় বাংলাদেশ। এরপর দিন শেষে হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। ৭ উইকেটে ৩৯১ রান সংগ্রহ করে দিন শেষ করে বাংলাদেশ।

বোলিংয়েও দারুণ শুরু করেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ২১ রান করেছে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ। দুটি উইকেটই নিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.