Sylhet Today 24 PRINT

স্মিথকে ভেংচি কাটলেন ইশান্ত

স্পোর্টস ডেস্ক |  ০৫ মার্চ, ২০১৭

বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিন সকাল অনেক কিছুই উপহার দিয়েছে। ব্যাট-বলের জমজমাট লড়াই যেমন ছিল, তেমনি ছিল উত্তাপ ছড়ানো আরও অনেক কিছুই।

এর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথকে ভারতের পেসার ইশান্ত শর্মার মুখ ভেংচানোর বিষয়টি। ঘটনাটির ভিডিও এরই মধ্যে অনলাইনে ‘ভাইরাল’ হয়ে গেছে।

ইনিংসের ২২তম ওভারে ডেভিড ওয়ার্নার আউট হওয়ার পর উইকেটে আসেন স্মিথ। দেখেশুনেই ব্যাট করছিলেন তিনি। ইশান্তের একটি বল ঠিকমতো খেলতে পারেননি। স্মিথকে পরাজিত করতে পেরে আনন্দে দিশেহারা হয়ে যান ইশান্ত।

মুখটাকে খানিক বিকৃত করে ভেংচিও কাটেন। প্রথমে একটু অবাকই হয়ে যান স্মিথ। পরে অবশ্য হেসে ফেলেন। হেসে ফেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। পরে অবশ্য স্মিথও পাল্টা ভেংচি কাটেন ইশান্তকে। কিন্তু ইশান্ত এটা বেশ কয়েকবারই করেছেন। শেষ পর্যন্ত বিষয়টি ভালো লাগেনি স্মিথের। এ নিয়ে কোহলির সঙ্গে কথাও বলতে দেখা যায় তাঁকে।

ঘটনাটি ঘটার পর পরই সামাজিক যোগাযোগের মাধ্যমে ইশান্তের ভেংচির ভিডিও ভাইরাল হয়ে যায়।
সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.