Sylhet Today 24 PRINT

পূজারা-রাহানের ব্যাটে লিড নিল ভারত

স্পোর্টস ডেস্ক  |  ০৬ মার্চ, ২০১৭

ছবিঃ ক্রিকইনফো

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ‍বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে ভারত। চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের ব্যাটে ভর করে সোমবার (৬ মার্চ) তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২১৩ রান। ভারতের লিড ১২৬ রানের। পূজারা ১৭৩ বলে ৭৯ ও রাহানে ১০৫ বলে ৪০ রান করে অপরাজিত আছেন।

ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দাঁড়াতে পারেনি ভারত। নাথান লায়রের স্পিন বিষে মাত্র ১৮৯ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। এরপর অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ২৭৬ রানে। রবীন্দ্র জাদেজার ঘুর্ণি জাদুতে ৮৭ রানের বেশি লিড নিতে পারেনি অস্ট্রেলিয়া।

৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা মন্দ হয়নি। অভিনব মুকুন্দ ও লোকেশ রাহুল উদ্বোধনী জুটিতে তুলে নেন ৩৯ রান। মুকুন্দকে (১৬) বোল্ড করে এ জুটি ভাঙেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড।

দ্বিতীয় উইকেটে রাহুল ও পূজারা দলকে ৮৪ রান পর্যন্ত টেনে নিয়েছিলেন। স্টিভ ও’কিফের বলে স্টিভেন স্মিথের অবিশ্বাস্য এক ক্যাচে ফিরতে হয় রাহুলকে (৫১)। এরপর চা বিরতির আগে দ্রুতই বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। টানা চতুর্থ ইনিংসে ব্যর্থ হয়েছেন কোহলি। এলবিডব্লিউ হওয়ার আগে কোহলি সংগ্রহ করেন মাত্র ১৫ রান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.