স্পোর্টস ডেস্ক | ০৬ মার্চ, ২০১৭
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে ৭ মার্চ থেকে, দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৫ মার্চ। ১৬ বছরের টেস্ট ক্রিকেট পরিভ্রমণে বাংলাদেশ দ্বিতীয় টেস্টের মাধ্যমে শত টেস্ট খেলতে মাঠে নামবে।
শ্রীলংকার মাটিতে অনুষ্ঠেয় এ টেস্ট সিরিজটির নামকরণ করা হয়েছে 'জয় বাংলা কাপ'। দেশের বাইরে আন্তর্জাতিক কোন সিরিজের এমন নামকরণ এবারই প্রথম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে সিরিজটির রাইটস বা স্বত্ব কিনে নিয়েছে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান। তারাই এ নামকরণ করেছে।
জানা যায়, প্রতিষ্ঠানটির নাম অ্যাডটাচ স্পোর্টস অ্যান্ড লাইভ ইভেন্টস। এই প্রতিষ্ঠানটি মূলত বিভিন্ন ধরণের খেলাধুলার আয়োজনের টেলিভিশন স্বত্ব, মাঠ ও বিজ্ঞাপন স্বত্ব কিনে থাকে।
কোম্পানির প্রধান নির্বাহী নেওয়াজ সোহাগ বলেছেন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের মাঠের স্বত্ব কিনেছেন তিনি। এরপর তিনি টেলিভিশন ও বিজ্ঞাপন স্বত্ব বিক্রি করেছেন। কিন্তু হঠাৎ তিনি খেয়াল করলেন, টেস্ট সিরিজটি শুরু হচ্ছে ৭ মার্চ।
তিনি জানান, "বাংলাদেশের জন্য ৭ মার্চ তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা ভেবেই আমি আর টেস্ট সিরিজের স্বত্ব বিক্রি করিনি। সেই সঙ্গে সিরিজের টাইটেল ঠিক করি 'জয় বাংলা কাপ'।"
সোহাগ বলেন, ২০০৮ সাল থেকে তার প্রতিষ্ঠান বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং দুবাইতে অনুষ্ঠিত ক্রিকেট, কাবাডিসহ আন্তর্জাতিক ১৬টি খেলাধুলার আয়োজনের স্বত্ব কিনেছে।
শ্রীলঙ্কার গলে ৭ মার্চ (মঙ্গলবার) শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজেই ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ দল খেলবে নিজেদের শততম টেস্ট।
টেস্ট সিরিজের পর ২৫ মার্চ রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। আর ১ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।
এরপর ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দু'টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে সিরিজের সমাপ্তি টানবে সফরকারী বাংলাদেশ।