Sylhet Today 24 PRINT

মেন্ডিস ও ডিকওয়েল্লাকে ফেরালেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক  |  ০৮ মার্চ, ২০১৭

মেহেদি হাসান মিরাজ (ফাইল ছবি)

গল টেস্টে দুর্দান্ত ব্যাটিং করতে থাকা কুশল মেন্ডিসকে ডাবল সেঞ্চুরি বঞ্চিত করলেন টাইগার স্পিনার মিরাজ। তাঁর বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে তামিমের দুর্দান্ত ক্যাচে পরিণত হন ১৯৪ রান করা মেন্ডিস। ১৯ চার ও চারটি ছয়ের মার ছিল এই ব্যাটসম্যানের ইনিংসে।

এরপর দলীয় ৪৩২ রানে ভয়ংকর হয়ে উঠতে থাকা আরেক ব্যাটসম্যান ডিকওয়েল্লাকে মাহমুদুল্লাহর ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান মিরাজ। আউট হওয়ার আগে ৬ চার ও ১ ছয়ে ৭৫ রান করেন ডিকওয়েল্লা। 

প্রথম দিনের ৪ উইকেটে ৩২১ রান নিয়ে বুধবার (৮ মার্চ) দ্বিতীয় দিন শুরু করেছে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ৪৩৬ রান।

গতকাল মঙ্গলবার সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক। বাংলাদেশের শুরুটা অবশ্য দারুণ হয়েছিল। নিজের প্রথম ওভারে উপুল থারাঙ্গাকে বোল্ড করেন পেসার শুভাশীষ রায়। ম্যাচের ষষ্ঠ ওভারের চতুর্থ বলে শুভাশীষের দারুণ এক ইনসুইংয়ে পুরোপুরি পরাস্ত হন থারাঙ্গা।

পরের বলে কুশল মেন্ডিসকেও তুলে নিয়েছিলেন শুভাশীষ। উইকেটের পেছনে দারুণ এক ক্যাচ নিয়েছিলেন লিটন দাস। তবে নো বলের কারণে সেই যাত্রায় বেঁচে যান মেন্ডিস।

এরপর দিমুথ করুনারত্নের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে বেশ ভোগান মেন্ডিস। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার আগের ওভারে করুনারত্নেকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ৭৬ বলে দুটি চারে ৩০ রান করেন করুনারত্নে।

উইকেটে এসে রানের জন্য যুদ্ধ করতে থাকেন দিনেশ চান্দিমাল। রান বের করতে ঘাম ছুটে যায় এই লঙ্কান ব্যাটসম্যানের। শেষ পর্যন্ত ৫৪ বলে মাত্র ৫ রান করে মুস্তাফিজের বলে আউট হন চান্দিমাল। এরপর কুশল মেন্ডিস ও আসেলা গুনারত্নে লঙ্কানদের রানটাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দিনের খেলা শেষ হবার কিছু আগে তাসকিনের বলে বোল্ড হন গুনারত্নে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.