Sylhet Today 24 PRINT

আম্পায়ারকে ইঙ্গিত, তামিম-ইমরুলকে আইসিসির জরিমানা

ক্রীড়া প্রতিবেদক |  ১৭ মার্চ, ২০১৭

এলবিডব্লিউর আবেদনে আম্পায়ারকে উদ্দেশ করে বল ব্যাটে লেগেছে, এবং থাইপ্যাডে লেগেছে এমন ইঙ্গিত করায় বাংলাদেশ দলের দুই ক্রিকেটার তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে জরিমানা করেছে আইসিসি।

আইসিসির আচরণ বিধি ভঙ্গের কারণে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে তাদের।

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে এলবিডব্লিউয়ের আবেদনের সময় তামিম ব্যাট দেখিয়ে আম্পায়ারের দিকে ইঙ্গিত করেছিলেন যে বল ব্যাটে লেগেছে। যেটি মোটেও বিধি সম্মত নয় বলে অভিযোগ করেন আম্পায়াররা।

ইমরুলের বিপক্ষে আবেদন ছিল ব্যাট-প্যাড ক্যাচের। ইমরুল থাইপ্যাডে ইঙ্গিত করে বোঝাতে চাইছিলেন যে বল সেখানেই লেগেছে। আইসিসি আচরণবিধি অনুযায়ী যেটি নিয়ম বহির্ভূত।

আম্পায়াররা অভিযোগ আনার পর দিনের খেলা শেষে ম্যাচ রেফারির কাছে অভিযোগ মেনে নেন তামিম ও ইমরুল। আনুষ্ঠানিক শুনানির তাই প্রয়োজন পড়েনি। জরিমানার সঙ্গে একটি করে ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে দুজনের সঙ্গে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.