Sylhet Today 24 PRINT

এক সপ্তাহের মধ্যে ফের তিন সংস্করণের ক্রিকেটে শীর্ষে সাকিব

স্পোর্টস ডেস্ক  |  ২১ মার্চ, ২০১৭

নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ। ১-১ সমতায় শেষ হওয়া সিরিজে চমৎকার অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে সিরিজ সেরার পুরষ্কার জিতেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার এক সপ্তাহের ব্যবধানে ক্রিকেটের তিন সংস্করণেই আবারো নিজের জায়গা ফিরিয়ে আনলেন সাকিব।

গত সপ্তাহে ভারতের স্পিন অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিনের কাছে টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান হারিয়েছিলেন। এবার অশ্বিনকে টপকে ফের টেস্ট অলরাউন্ডারের তালিকার শীর্ষস্থানে ফিরলেন সাকিব আল হাসান। ওয়ানডে ও টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে আগেই শীর্ষে ছিলেন। এবার টেস্ট র‌্যাংকিংয়েও অলরাউন্ডার ক্যাটাগরিতে সবার ওপরে চলে এলেন। সব মিলিয়ে তিন ফরম্যাটেই এখন সাকিব বিশ্বসেরা।

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য সাকিবকে নিজের জায়গাটি ফিরিয়ে দিয়েছে। সিরিজের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ব্যাট হাতে ১৬২ রান করেন সাকিব। উইকেট নেন ৯টি। দলের শততম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি (১১৬) হাঁকান সাকিব। বল হাতে উইকেট নেন দুই ইনিংস মিলিয়ে ৬টি।

টেস্টে সেরা অলরাউন্ডারদের তালিকায় সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৪৩১। দুইয়ে নেমে যাওয়া অশ্বিনের পয়েন্ট ৪০৭। ওয়ানডেতে এক নম্বরে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩৭৭ আর দুইয়ে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবীর পয়েন্ট ৩৪৯। আর টি-টোয়েন্টিতে সাকিবের রেটিং পয়েন্ট ৩৪৬ ও দুইয়ে থাকা গ্লেন ম্যাক্সওয়েলের রেটিং পয়েন্ট ৩৪৩।

তার মধ্যে শততম টেস্টে তার ব্যাট থেকে আসে ১৩১। বোলিংয়ে সতীর্থদের উদযাপনের মধ্যমনি হন ছয়বার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.