Sylhet Today 24 PRINT

এক বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার ইরফান

স্পোর্টস ডেস্ক  |  ২৯ মার্চ, ২০১৭

এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি পেস বোলার মোহাম্মদ ইরফান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাকে নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) এক বিবৃতিতে ইরফানকে এক বছরের জন্য নিষিদ্ধ করার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এর আগে ইরফানকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিলো পিসিবি। এবার নিষেধাজ্ঞা ছাড়াও ইরফানকে পড়তে হয়েছে জরিমানার মুখেও। তাকে দশ লক্ষ রূপি জরিমানা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

পিএসএলের দ্বিতীয় আসরে জুয়াড়িদের সাথে যোগাযোগ করার অভিযোগ ওঠে ইরফানের বিরুদ্ধে। এরপর কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে তাকে পিসিবির কাছে জবাবদিহি করতে বলা হয়। কিন্তু বোর্ডের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হন পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলা এই পাকিস্তানি ক্রিকেটার।

নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হলেও অবশ্য সুযোগ দেওয়া হয়েছিলো ইরফানকে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিলো দেশবাসীর কাছে ক্ষমা চাইতে। কিন্তু বোর্ডের সেই প্রস্তাবেও রাজি হননি ৩৪ বছর বয়সী এই পেসার।

এ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪ টেস্ট, ৬০ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইরফান।

এবার পিএসএলের দ্বিতীয় আসরে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ইরফান ছাড়াও নিষিদ্ধ হয়েছেন চার পাকিস্তানি ক্রিকেটার। টুর্নামেন্টের শুরুতেই নিষিদ্ধ হয়েছিলেন ইসলামাবাদের দুই পাকিস্তানি ওপেনার শারজিল খান এবং খালিদ লতিফ। এরপর একই অভিযোগে নিষিদ্ধ হন শাহজাইব হাসান ও নাসির জামসেদ।

সূত্র: দ্যা ডন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.