Sylhet Today 24 PRINT

প্রথম টি-টুয়েন্টিতে ৬ উইকেটে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |  ০৪ এপ্রিল, ২০১৭

টসের সময় এই ফরম্যাট থেকে অধিনায়ক মাশরাফির অবসরের খবর ম্যাচ জুড়েই থাকল আলোচনায়। এই ফাঁকে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

১৫৬ রানের টার্গেটে যেভাবে বল করা দরকার তা পারেনি বাংলাদেশ। কুশল পেরেরাকে যায়নি থামানো। ৫৩ বলে ৭৭ করেছেন তিনি। ৭ বল হাতে রেখে চার উইকেট হারিয়েই তাই জিতেছে মালিঙ্গারা।

বিদায়ী সিরিজেও অধিনায়ক অবশ্য উজ্জ্বল। লঙ্কানদের চার উইকেটের মধ্যে দুটিই পেয়েছেন তিনি। দারুণ কিপটে বোলিং করেছেন মাহমুদুল্লাহ। ২ ওভারে ৬ রান দেয়া এই বোলারকে
আরও বেশি ওভার কেন করানো হয়নি, প্রশ্ন উঠতেই পারে। হতাশ করেছেন মোস্তাফিজ। সবচেয়ে হতাশায় ডুবিয়েছেন তাসকিন আহমেদ। বেদম পিটুনি খেয়ে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন দলকে। গুরুত্বপূর্ন সময়ে ছেড়েছেন কুশল পেরেরার সহজ ক্যাচ।

এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়েছিলেন মাশরাফি। শুরুতেই তামিমকে হারালেও সৌম্য সরকার আর সাব্বির রহমান ঝড়ো শুরু এনে দেন ঠিকই।  তবে কেউই টানতে পারেননি ইনিংস।১৬ রান করে সাব্বির হয়েছেন রানআউট। ২০ বলে ২৯ করে সৌম্য আউট হয়েছেন ছক্কা পেটাতে গিয়ে। মুশফিক-সাকিবের ব্যর্থতার পর মাহমুদুল্লাহ আর মোসাদ্দেক সৈকত মিলে দলকে দেড়শ রানের কোটা পার করিয়েছিলেন।তবে সেটা পর্যাপ্ত ছিলো না জয়ের জন্য।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.