Sylhet Today 24 PRINT

ঘরোয়া টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলকের অপেক্ষায় গেইল

স্পোর্টস ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০১৭

আইপিএলের প্রথম ম্যাচেই ক্রিস গেইল ছুঁয়ে যেতে পারতেন অনন্য মাইলফলকটি। কিন্তু সেটি হয়নি। সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে ৩২ রানে আউট হয়ে তাঁর অপেক্ষাটা বেড়েছ। প্রথম ব্যাটসম্যান হিসেবে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর মাত্র ৩১ রান।

গেইলের এই রেকর্ডটি অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি বাদ দিয়েই। সেটি ধরলে তিনি আরও আগে ১০ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর রান ১ হাজার ৫১৯। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে গতকাল পর্যন্ত তাঁর রান ৯ হাজার ৯৬৯। ২৮৭টি ম্যাচ খেলে এই অনন্য অর্জন তাঁর।

টি-টোয়েন্টি ক্রিকেটের কিংবদন্তিই তো বলা চলে গেইলকে। ঘরোয়া টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরি (১৮), সর্বোচ্চ হাফ সেঞ্চুরি (৬০) আর সর্বোচ্চ ছক্কার (৭৩৫) রেকর্ড তাঁরই অধিকারে। এর সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টির আরও ১৩টি হাফ সেঞ্চুরি, ২টি সেঞ্চুরি আর ৯৮টি ছক্কা যোগ করে নিন।

এককভাবে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়া যেকোনো বিচারেই বিরাট কীর্তি গেইলের জন্য। ব্যাপারটা এই ক্যারিবীয় ক্রিকেটারকেও উদ্বেলিত করছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ক্রিকেটারই ১০ হাজার রান করেছে। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে আমিই প্রথম ১০ হাজার রানের মালিক হব। মাইলফলকটা অতিক্রম করাটা হবে দারুণ। এরপর আমি দেখতে চাই আরও কত রান করতে পারি।’
সূত্র: জি নিউজ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.