Sylhet Today 24 PRINT

মাশরাফিকে নিয়ে এবার অন্য সুর পাপনের

স্পোর্টস ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৭

প্রথম টি-টোয়েন্টির টসের সময় ঘটা করে অবসর নিয়েছেন, শেষ ম্যাচে সবাই বিদায় জানালো; অথচ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দাবি মাশরাফি নাকি টি-টোয়েন্টি ছাড়েননি! যদিও একাধিকবার বলছেন তিন ফর্মেটে তিন অধিনায়ক থাকার কথা। বলছেন, অধিনায়কত্ব পাওয়ার সময়ে মাশরাফি দলে ছিলেন না, কিন্তু ঠিক আগের সিরিজেই খেলেছিলেন তিনি।

শুক্রবার শ্রীলঙ্কা সফর শেষে ফেরার পর বিমানবন্দরে নাজমুল হাসান পাপন বলেন, ‘কিন্তু একটা কথা বারবার বলছি, মাশরাফি কিন্তু টি-টোয়েন্টি ছাড়েনি। আমরা এখনো বলিনি মাশরাফি স্কোয়াডে (টি-টোয়েন্টির দলে) নেই। ও অধিনায়কত্ব ছেড়েছে!’

নাজমুল তাঁর বক্তব্যের আরও একটু ব্যাখ্যা দিয়েছেন, ‌‘তিন সংস্করণে আমাদের তিন অধিনায়ক হবে-আমি প্রথম থেকেই বলছি। ও নিজেকে ফিট মনে করলে অবশ্যই থাকবে (টি-টোয়েন্টি দলে)। আমাদের দরকার হলে আমরা কি তাকে ছেড়ে দেব? অধিনায়কত্ব শুধু ভাগ হয়েছে। মুশফিক তিন সংস্করণেই অধিনায়ক ছিল। ওর দুটির অধিনায়কত্ব চলে গেছে বলে কি মুশফিক বিদায় নিয়েছে?’

মাশরাফি নিজে টি-টোয়েন্টি থেকে বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কলম্বোর প্রথম টি-টোয়েন্টিতে। টসের সময়। এর আগে নিজের ফেসবুক পেজে বড় বিবৃতিও দিয়েছেন। ঘরোয়া টি-টোয়েন্টির ব্যাপারে অবশ্য এখনো কিছু বলেননি। এখন নাজমুলের কথা শুনে মনে হচ্ছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁকে দলে এখনো বিবেচনা করছে বাংলাদেশ!

এদিকে, মাশরাফির টি-টোয়েন্টি থেকে বিদায়ে যে তোলপাড় এটা নিয়ে কিছুটা উষ্মাও ঝরল বিসিবি প্রধানের মুখে।

বিসিবি প্রেসিডেন্ট পাপন বলেন, “বাংলাদেশ ছাড়া টি-টোয়েন্টিতে অধিনায়কত্বে কে রিটায়ার করল, কে গেল, এটা নিয়ে কোনো দিন কোনো জায়গায় নিউজ দেখেনি। শুধু বাংলাদেশেই এত হুলস্থুল দেখছি। যে কোন দেশে ওয়ানডে নিয়ে কথা হয়, টেস্ট নিয়ে হয়, কিন্তু টি-টোয়েন্টি নিয়ে এমন আলোচনা হয় না।”

নাজমুল হাসান পাপন দাবি করে বলেন, “ওকে (মাশরাফি) যখন অধিনায়ক করা হয় টি-টোয়েন্টি ও ওয়ানডেতে, ও স্কোয়াডেই ছিল না। ও তখন ইনজুরিতে। ওকে যখন বানানো হয়েছে, তখন নিশ্চয়ই একটা বিশেষ কথা চিন্তা করে করা হয়েছিল। সেই ভূমিকা সে পুরোপুরিভাবে সার্থকভাবে করেছে, সেজন্য ওর পাশাপাশি আমরাও গর্বিত।”

জানা যায়, অধিনায়কত্ব পাওয়ার আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজে মাশরাফি ছিলেন দলের দ্বিতীয় সেরা উইকেট শিকারি। তার আগের সিরিজে ভারতের বিপক্ষেও খেলেছিলেন দারুণ।

বোর্ড প্রধানের এমন বক্তব্যের পর মাশরাফির অবসর নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.