সিলেটটুডে স্পোর্টস ডেস্ক | ০৬ মে, ২০১৫
দুই বল করেই মাঠের বাইরে চলে যাওয়ার পর আবার ফিরে এসে ফিল্ডিং করেছিলেন কিন্তু লাঞ্চ বিরতীতে ওয়ার্মআপ করতে গিয়ে আবার পড়ে গিয়ে স্ট্রেচারে করে মাঠে ছাড়েন শাহাদাত। পরে ডাক্তারি পরীক্ষা শেষে জানা যায় ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে কয়েক সপ্তাহের জন্যই এবার মাঠের বাইরে চলে গেলেন শাহাদাত হোসেন।
তাকে একাদশে রেখে চরম বিপাকেই এখন বাংলাদেশ দল। বোলিংয়ে তো তাকেই পাওয়াই যাচ্ছে না, দলের প্রয়োজনে ব্যাটিং করতেও পারবেন না তিনি। ফলে এখন ব্যাটিং এর সময় ৯ উইকেট পড়লেই অলআউট হবে বাংলাদেশ।
সবচেয়ে বড় সমস্যা বোধহয় একজন বোলারের কমে যাওয়া। প্রথম দিনেই পেস বান্ধব উইকেটে সে অভাব টের পাওয়া গেছে। যেখানে পাকিস্তান ৩ পেসার নিয়ে খেলছে সেখানে বাংলাদেশের কিনা এখন একজন মাত্র পেসার!
প্রশ্ন উঠছে শাহাদাতের ফিটনেস নিয়েও। শতভাগ ফিট না থাকার পরও তাকে কেন একাদশে রাখা হল? কেন বাড়তি একজন পেসার দলে নেই? জবাব মিলেনি এসব প্রশ্নের।
এই পরিস্থিতিতে জয় দূরে থাক ঢাকা টেস্ট বাঁচানোই এখন টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ।