Sylhet Today 24 PRINT

দানি আলভেজ নৈপুণ্যে ফাইনালে য়ুভেন্টাস

স্পোর্টস ডেস্ক |  ১০ মে, ২০১৭

ব্রাজিলিয়ান স্টার দানি আলভেজের নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেছে য়ুভেন্টাস। মোনাকোর বিপক্ষে সেমি-ফাইনালের ফিরতি লেগে নিজে একগোল করে এবং অন্যকে দিয়ে একগোল করিয়ে দলকে নিয়ে গেলেন ফাইনালে।

এর আগে প্রথম লেগে মোনাকোর মাঠে ২-০ গোলে জিতেছিল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। দুই লেগ মিলিয়ে তার শিষ্যরা জিতেছে ৪-১ গোলে।

মঙ্গলবার শুরুতে য়ুভেন্টাসকে চেপে ধরে মোনাকো। একের পর এক আক্রমণ করা মোনাকো ভাঙতে পারেনি ইতালিয়ান চ্যাম্পিয়নদের জমাট রক্ষণ। ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেওয়া য়ুভেন্টাসই ম্যাচে প্রথম সত্যিকারের সুযোগ পায়। আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল পাঠান গনসালো হিগুয়াইন কিন্তু শটে তেমন জোর না থাকায় ফিরিয়ে দেন ডিফেন্ডার কামিল গ্লিক।

তিন মিনিট পর হিগুয়াইনের স্লাইডিং পাস থেকে সুযোগ আসে মারিও মানজুকিচের সামনে। গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি তিনি, বেঁচে যায় অতিথিরা। ২৮তম মিনিটে পাওলো দিবালার পাস থেকে সুযোগ আসে মিরালেম পিয়ানিচের সামনে। তার জোরালো শট ঠেকিয়ে সেবার মোনাকোর ত্রাতা আন্দ্রেয়া রেগি।

৩৩তম মিনিটে ইউভন্তুসকে এগিয়ে নেন মানজুকিচ। আলভেসের ক্রস থেকে তার হেড কোনোমতে ঠেকান মোনাকোর গোলরক্ষক। ফিরতে বলে বুলেট গতির শট আর ফেরাতে পারেননি তিনি।

৪৫তম মিনিটে নিজেই জাল খুঁজে নেন আলভেস। গোলরক্ষকের ফিস্ট থেকে বল পেয়ে জোরালো ভলিতে গোলের উল্লাসে পুরো স্টেডিয়ামকে মাতান এই ব্রাজিলিয়ান তারকা।

এই গোলেই মোনাকোর ফাইনালে খেলার আশা এক রকম শেষ হয়ে যায়। খেলা অতিরিক্ত সময়ে নিতে হলে এক অর্ধে চারটি গোল করতে হতো ফরাসি শিরোপা জয়ের পথে থাকা দলটির। প্রায় অসম্ভব সেই কাজটি করতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে মোনাকোকে চাপে রাখে য়ুভেন্টাস। হিগুয়াইন-মানজুকিচদের আক্রমণ সামলাতেই বেশি ব্যস্ত থাকতে হয় তাদের। খেলার ধারার বিপরীতেই ৬৯তম মিনিটে কিলিয়ান বাপ্পের গোলে ব্যবধান কমায় মোনাকো। চলতি আসরে ১২ ম্যাচে এ নিয়ে মাত্র তৃতীয়বার য়ুভেন্টাসের জালে গেল বল। আগের ছয় ম্যাচে একটিও গোল খায়নি তারা।

বুধবার আরেক সেমি-ফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হবে মাদ্রিদের দুই দল আতলেতিকো ও রিয়াল। প্রথম লেগে ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটিট্রিকে ৩-০ ব্যবধানে জেতা রিয়ালের ফাইনালের পথে অনেকটা এগিয়ে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.