Sylhet Today 24 PRINT

টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভাবছেন আমির

স্পোর্টস ডেস্ক |  ১০ মে, ২০১৭

স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছেন মোহাম্মদ আমির। মোটামুটি সফল হলেও টেস্টের ধকলটা বোধহয় নিতে পারছেন না । ব্যাপারটা ভাবাচ্ছে আমিরকে। সীমিত ওভারের ক্রিকেটে নিজের ক্যারিয়ার দীর্ঘ করতে টেস্ট ক্রিকেটই ছেড়ে দেওয়ার কথা ভাবছেন আমির!

ওয়েস্ট ইন্ডিজ সফরই মোহাম্মদ আমিরের মধ্যে এই ভাবনার জন্ম দিয়েছে। পাকিস্তান দলের একটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের একটি পত্রিকা জানিয়েছে, নিজের টেস্ট-ভবিষ্যৎ নিয়ে আমির বেশ কয়েকজন সতীর্থের সঙ্গে নাকি আলোচনা করেছেন। তাঁদের বলেছেন, টেস্ট ক্রিকেটে ভালো করতে দরকার শারীরিক ফিটনেস, প্রচণ্ড সহ্য ক্ষমতা। এর অভাব দেখছেন আমির। এর বদলে শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মনোযোগ দিলে তাঁর ও দল উভয়ের জন্যই ভালো বলে মনে করছেন তিনি।

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর এবারের ক্যারিবীয় সফরেই টেস্ট ম্যাচে সেরা সাফল্যটা পেয়েছেন আমির। প্রথম দুই টেস্টে পেয়েছেন ১১ উইকেট। তারপরও সন্তুষ্ট নন। প্রত্যাশা মতো খেলতে পারছেন না বলেই ধারণা তাঁর। সূত্রটি জানিয়েছে, আমির গুরুত্বের সঙ্গেই ভাবছেন টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর।

সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলার ওয়াসিম আকরাম মনে করেন, আমিরের বোলিংয়ে উন্নতির যথেষ্ট জায়গা এখনো রয়ে গেছে। রেকর্ডও বলছে, আমির ঠিক টেস্টে শুরুর প্রত্যাশার সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না। এর মধ্যে তো দীর্ঘ নির্বাসনেও কেটেছে তাঁর স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে।

সীমিত ওভারে ক্রিকেটে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে ২০১০ সালে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন শহীদ আফ্রিদি। ক্যারিয়ারের শেষ ৬ বছর আফ্রিদি কেবল সীমিত ওভারের ক্রিকেটেই পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছেন। আমির হয়তো আফ্রিদির পথই অনুসরণ করতে চাইছেন।
সূত্র: পিটিআই

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.