Sylhet Today 24 PRINT

মেসি ‘অন্যগ্রহের’, বার্সাকে চুক্তি নবায়নের তাগিদ নেইমারের

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০১৭

লিওনেল মেসিকে অন্যগ্রহের এক খেলোয়াড় হিসেবে অভিহিত করলেন ব্রাজিলিয়ান প্লেমেকার নেইমার। মেসির সঙ্গে বার্সেলোনাকে চুক্তি নবায়নেরও তাগিদ দিয়েছেন তিনি। বার্সাতে আসার মূল কারণ যে মেসি সেটাও বলতে দ্বিধা করেন নি এ ব্রাজিলিয়ান।

বার্সেলোনার আক্রমণভাগের তিন খেলোয়াড় নেইমার ও সুয়ারেজের সঙ্গে ইতোমধ্যেই চুক্তি হয়ে গেছে ক্লাবটির। বাকি আছে মেসির সঙ্গে। জানা গেছে বেতন নিয়ে ক্লাবটির সঙ্গে বনিবনা হচ্ছে না মেসির। ক্লাবটি মেসির বেতন ৩ কোটি ইউরো থেকে বাড়িয়ে ৩ কোটি ৫০ লাখ ইউরোর প্রস্তাব দিলেও মেসির তা মনঃপূত হয় নি; এ নিয়ে তাই আটকে আছে চুক্তি।

নেইমার তার বার্সায় থাকার পেছনে কারণ হিসেবে জানালেন তার ন্যু ক্যাম্পে থাকাটা মেসির জন্যই! ‘আমি মেসির সঙ্গে এখানে চার বছর ধরে আছি। কীভাবে শট নিতে হয়, ম্যাচের সময় কীভাবে সতর্ক থাকতে হয়, প্রতিদিনই তা শিখছি...মেসি অন্য গ্রহের।
'সে (মেসি) এমন একজন আদর্শ ও বন্ধু, যার সঙ্গে প্রতিদিন অনুশীলনের সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করি’—বি ইন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার এরপরই বললেন বার্সার তাঁর ‘আদর্শে’র চুক্তি নবায়ন নিয়ে, ‘আশা করছি তিনি চুক্তি নবায়ন করবেন এবং বার্সার সংশ্লিষ্টরা কাজ শুরু করবেন যাতে মেসি আমাদের সঙ্গেই থাকে।’

২০১৪-১৫ ও ২০১৫-১৬ মৌসুমে বার্সার হয়ে এমএসএন ত্রয়ী গোল করেছিলেন ১২২ ও ১৩১। চলতি মৌসুমেও হয়ে গেছে গোলের ‘সেঞ্চুরি’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.