Sylhet Today 24 PRINT

দুই ম্যাচ হাতে রেখেই চেলসির শিরোপা জয়

ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক  |  ১৩ মে, ২০১৭

হাতে ছিল আরো দুই ম্যাচ। তবে সেজন্য অপেক্ষা করতে হয়নি চেলসিকে। দুই ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

শুক্রবার (১২ মে) রাতে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের মাঠে একমাত্র গোলে জিতে চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধার করেছে অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা।

পুরো ম্যাচ জুড়ে আধিপত্য বজায় রেখে খেলেছে চেলসি। কিন্তু গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত। পেদ্রোর বদলি হিসেবে নামা মিচি বাতসুয়াই চেলসিকে জয়সূচক গোলটি এনে দেন। স্প্যানিশ ডিফেন্ডার সিজার আসপিলিকুয়েতার পাসে জাল খুঁজে নেন তিনি।

শুক্রবারের জয়ে ৩৬ ম্যাচে চেলসির পয়েন্ট দাঁড়াল ৮৭তে। এক ম্যাচ কম খেলে টটেনহ্যাম হটস্পার ৭৭ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তারা বাকি তিন ম্যাচ জিতলে আর চেলসি পরের দুম্যাচ হারলেও পয়েন্টের ব্যবধান ঘুচবে না। তাই গত ১৩ বছরের মধ্যে পঞ্চমবার ইপিএল শিরোপার উল্লাসে মাতার সুযোগ একটু আগেভাগেই এল চেলসির জন্য।

চেলসিকে শিরোপা এনে দেওয়ার পাশাপাশি কোচ হিসেবেও দারুণ এক কীর্তি গড়েছেন ইতালিয়ান কোন্তে। মাত্র চতুর্থ কোচ হিসেবে প্রিমিয়ার লিগে প্রথম মৌসুমেই দলকে শিরোপা এনে দিলেন তিনি। আর এর মাধ্যমে হোসে মরিনহো (২০০৪-০৫), কার্লো আনচেলত্তি (২০০৯-১০) ও ম্যানুয়েল পেল্লেগ্রিনির (২০১৩-১৪) কাতারে নাম লেখালেন এই কোচ। গত বছরের আগস্টে চেলসির দায়িত্ব নেওয়ার আগে সিরি আ-তে টানা তিন মৌসুমে জুভেন্টাসকে শিরোপা জিতিয়ে এসেছেন কোন্তে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.