Sylhet Today 24 PRINT

বেতন-ভাতা নিয়ে বিরোধে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক |  ১৫ মে, ২০১৭

বেতন-ভাতা বেশ বাড়িয়েই খেলোয়াড়দের নতুন চুক্তি প্রস্তাব করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু সেই চুক্তি পছন্দ হয়নি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। প্রস্তাবিত বেতন কাঠামোকে অসম্মানজনক বলে সেটা প্রত্যাখ্যান করেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। এ নিয়ে দুই পক্ষের বিরোধ এখন চরমে পৌঁছেছে।

বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রস্তাবে রাজি না হলে দেশের হয়ে আর খেলা হবে না ক্রিকেটারদের। অন্যদিকে ক্রিকেটাররা মনে করছেন, বোর্ডের এমন আচরণ খুব হতাশাজনক ও আগ্রাসী, যা অস্ট্রেলিয়ান ক্রিকেটেরই ক্ষতি করবে।

সিএর প্রস্তাবিত নতুন চুক্তিতে খেলোয়াড়দের মোট আয় বাড়বে প্রায় ৩৫ শতাংশ। তারপরও বোর্ডের আয়ের তুলনায় খেলোয়াড়দের বেতন-ভাতা নিতান্তই কম মনে করছে এসিএ। তাই প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করে সিএকে আলোচনায় বসার অনুরোধ করেছে এসিএ। এসিএর প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসন এক বিবৃতিতে বলেছেন, ‘আলোচনার টেবিলে আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার অসংলগ্ন কথাবার্তা আর আগ্রাসনই শুধু দেখেছি। আমরা খুবই হতাশ যে সিএ খেলোয়াড়দের হুমকি দিচ্ছে!’

বোর্ড কোনো অবস্থাতেই বেতন-ভাতা আর বাড়াতে রাজি নয়। চুক্তিবদ্ধ খেলোয়াড়দের ই-মেইল করে সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড পরিষ্কার করে দিয়েছেন, আগামী ৩০ জুনের মধ্যে নতুন চুক্তিতে সই না করলে চাকরি হারাতে হবে ক্রিকেটারদের! আর চাকরি না থাকলে খেলোয়াড়েরা দেশের হয়ে খেলতে পারবেন না। তাতে এ বছর আগস্টে অস্ট্রেলিয়া দলের সম্ভাব্য বাংলাদেশ সফর ও এরপর অ্যাশেজ সিরিজ হবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।

নিকোলসনের দাবি, দ্রুতই এই বিরোধ মিটিয়ে ফেলতে খেলোয়াড়েরা আগ্রহী, ‘এই হুমকি-ধমকির পরও খেলোয়াড়েরা আলাদা করে সিএর সঙ্গে আলোচনায় বসতে রাজি। কিন্তু সত্যিটা হচ্ছে, একটা পক্ষ খোলা মনে আলোচনা করতে চাইছে যাতে সবাই হাসিমুখে বেরিয়ে আসতে পারে বৈঠক থেকে। অন্যপক্ষ চাইছে খেলোয়াড়দের ঐক্য নষ্ট করতে আর অস্ট্রেলিয়ান ক্রিকেটে রেষারেষি তৈরি করতে।’

তবে সাবেক অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন সম্প্রতি টুইট করে জানিয়েছেন খেলোয়াড়দের মধ্যে ঐক্য অটুট আছে, ‘আমরা অতীত ও বর্তমানের সব খেলোয়াড় শক্ত আছি।’ বর্তমান অস্ট্রেলিয়া দলের পেসার প্যাট কামিন্সও টুইটারে লিখেছেন, ‘খেলোয়াড়দের ঐক্য অটুট আছে, থাকবে।’ এএফপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.