স্পোর্টস ডেস্ক | ১৬ মে, ২০১৭
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে দুইদিনের সফরে ঢাকায় এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা পরামর্শক শিন ক্যারল।
সোমবার (১৫ মে) রাতে ঢাকায় পৌঁছান তিনি। আজ মঙ্গলবার বিকেল চারটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করবেন ক্যারল। এ ছাড়া পুলিশের মহাপরিদর্শক, গোয়েন্দা সংস্থা ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগস্ট-সেপ্টেম্বরে ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়ার। কিন্তু সিরিজ খেলতে বাংলাদেশে আসার বিষয়টি এখনো ধোঁয়াশার মধ্যে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
কিছুদিন আগে দুবাইয়ে আইসিসির বৈঠক থেকে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর চূড়ান্ত। কিন্তু এর পর ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়, এখনো সবকিছু চূড়ান্ত নয়। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির উপর নজর রাখছে অস্ট্রেলিয়া।
মূলত, ২০১৫ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু সেবার নিরাপত্তার অজুহাতে সফর বাতিল করে তারা। এমনকি ২০১৬ সালের শুরুর দিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অস্ট্রেলিয়া।