Sylhet Today 24 PRINT

ব্যালন ডি’অর জিততে হলে খুন করতে হবে মেসি-রোনালদোকে!

স্পোর্টস ডেস্ক  |  ২৯ মে, ২০১৭

না, কোন উগ্রবাদী গোষ্ঠীর দেয়া হুমকি নয়। এটি বলেছেন মেসি-রোনালদোর জগতেরই একজন। তিনি ফুটবল খেলেন ইতালির হয়ে। খেলেন মেসি-রোনালদোর পজিশনে। নাম তাঁর মারিও বালোতেল্লি। 'খ্যাপা' হিসেবে পরিচিত ইতালিয়ান এই ফরোয়ার্ড বলেছেন, ব্যালন ডি'অর জিততে হলে খুন করতে হবে মেসি-রোনালদোকে।

ব্যালন ডি'অর ধারাবাহিকভাবে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন বিশ্বসেরা দুই ফুটবলার বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সেনসেশন ক্রিশ্চিয়ানো রোনালদো- এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বালোতেল্লির স্বপ্ন- একদিন নিজেও জিতবেন এই পুরস্কার। কিন্তু উপায় কি ওই দু'জনকে হারানোর?

বালোতেল্লি বলেন, "এটা জিতলে হলে আমাকে ওই দুজনকে মেরে ফেলতে হবে।" আসলে মজা করেই তিনি বলেছেন কথাটা। সেই সাথে নিজের চাওয়া সম্পর্কে বলেছেন, "এখন পর্যন্ত ক্যারিয়ারের শুরু থেকে যা কিছু করেছি, তা যথেষ্ট নয়। আমাকে আরও বেশি কিছু করে দেখাতে হবে।"

এবার ফরাসি লিগে খেলা এই ফুটবলারের পারফরম্যান্স বেশ ভালো। ২২ ম্যাচে করেছেন ১৫ গোল। এক মৌসুমে এটাই তাঁর সর্বোচ্চ গোল। বয়স মাত্র ২৬। খেলবেন আরো অনেকদিন। হয়তো মেসি-রোনালদোকে 'খুন' না করেই একদিন ব্যালন ডি'অর জতে নেবেন বালোতেল্লি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.