Sylhet Today 24 PRINT

লন্ডন হামলা : হঠাৎ খেলা থামিয়ে ১ মিনিট নীরবতা

স্পোর্টস ডেস্ক |  ০৬ জুন, ২০১৭

কার্ডিফের সোফিয়া গার্ডেনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ৬ষ্ঠ ম্যাচে আজ (মঙ্গলবার) স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে নিউ জিল্যান্ড। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় শুরু হয় ম্যাচটি। কিন্তু ইনিংসের ৬.৪ ওভার অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর হঠাৎ আম্পায়াররা খেলা থামিয়ে দেন।

দর্শকদের অনেকে অবাক হলেও ক্রিকেটাররা ব্যাপারটি আগে থেকেই জানতেন। ব্যাটিং করতে থাকা দুই ইংলিশ ওপেনার জেসন রয় এবং আলেক্স হেলস, ফিল্ডিংয়ে থাকা ১১ কিউই ক্রিকেটার এবং দুই আম্পায়ার সারি বেঁধে দাঁড়িয়ে গেলেন উইকেটের দুই পাশে।

অন্যদিকে, ড্রেসিং রুমের সামনে সারি বেঁধে দাঁড়ালেন ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের বাকি ক্রিকেটাররা। তাদের দেখে আসন ছেড়ে দাঁড়িয়ে গেলেন সোফিয়া গার্ডেনের দর্শকরাও। তখন পীনপতন নীরবতা। ১ মিনিট ধরে চলল এই নীরবতা পালন। এরপরই আবার সব কিছু স্বাভাবিক হয়ে গেলো। দর্শকরা সবাই যে যার জায়গায় বসে পড়লেন। খেলোয়াড় আর আম্পায়াররাও মাঠে যে যার অবস্থানে ফিরে গেলেন। ফের শুরু হলো খেলা।

লন্ডনে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে পুরো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস জুড়ে জাতীয়ভাবে ১ মিনিট নীরবতা পালনের কর্মসূচি গ্রহণ করা হয়। স্থানীয় সময় সকাল ১০টায় ছিল এই কর্মসূচি পালনের নির্ধারিত সময়। এ কারণেই দশটা বাজতে না বাজতে সোফিয়া গার্ডেনেও নীরবতা পালনের কর্মসূচিটি পালন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.