Sylhet Today 24 PRINT

ঢাকা আবাহনীর ফেডারেশন কাপ জয়

স্পোর্টস ডেস্ক |  ০৬ জুন, ২০১৭

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা নিজেদের ঘরেই রাখল ঢাকা আবাহনী।

মঙ্গলবার (৬ জুন) বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ফেডারেশন কাপ জিতল দ্রাগো মামিচের দল। ঢাকা আবাহনীর এটি দশম ফেডারেশন কাপ শিরোপা। এই জয়ের মাধ্যমে আবাহনী মোহামেডানের মত দশবার এই শিরোপা জয়ের স্বাদ পেল।

শুরু থেকে নিজেদের রক্ষণ অটুট রেখে আক্রমণ করতে থাকে ঢাকা আবাহনী। তৃতীয় মিনিটে সোহেল রানার গড়ানো শট গোলরক্ষক শুয়ে পড়ে ফেরান। পাঁচ মিনিট পর রায়হান হাসানের থ্রোয়ে এমেকা ডারলিংটনের হেড ক্রসবারের ওপর দিয়ে গেলে আবারও হতাশ হতে হয় শিরোপাধারীদের।

ঢাকা আবাহনী ৩৬তম মিনিটে প্রথম গোল পায়। ডি-বক্সের ভেতর থেকে নাবীব নেওয়াজ জীবনের জোরালো শট কৃষ্ণ পদের পায়ে লেগে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।

একটি ফ্লাড লাইট বন্ধ হলে গেলে ৪০তম মিনিটে খেলা বন্ধ হয়ে যায়। মিনিট দশেক পর খেলা শুরুর পর পরই ব্যবধান দ্বিগুণ করে নেয় প্রতিযোগিতার নয়বারের চ্যাম্পিয়নরা। রায়হানের লম্বা থ্রো এক ডিফেন্ডার হেড করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ইমন বাবুর নিখুঁত ভলি জালে জড়ায়।

ম্যাচের ৪৮তম মিনিটে ওয়ালী ফয়সালের ক্রসে এমেকার প্লেসিং শট ঠিকানা খুঁজে পেলে শিরোপা ধরে রাখা অনেকটা নিশ্চিত করে নেয় আবাহনী।

৮১তম মিনিটে জীবন ডি-বক্সের মধ্যে এলিসনকে ফাউল করলে পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। এলিসনের প্রথম স্পট কিক জালে জড়ালেও সতীর্থ এক খেলোয়াড় শটের আগে ডি-বক্সে ঢুকে গেলে ফিরতি শট নিতে বলেন রেফারি। ফিরতি স্পট কিকেও বল জালে জড়ান নাইজেরিয়ার এই ডিফেন্ডার। শেষ পর্যন্ত গোলটি কেবল চট্টগ্রামের দলটির হারের ব্যবধানই কমিয়েছে।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের ইমন বাবু। ফাইনাল সেরা জীবন। সর্বোচ্চ গোলদাতা একই দলের এমেকা (৬টি)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.