ক্রীড়া প্রতিবেদক | ০৮ জুন, ২০১৭
প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস খেলতে পারেননি। ওই ম্যাচেই ভারপ্রাপ্ত অধিনায়ক উপুল থারাঙ্গা স্লো ওভার রেটের খাড়ায় নিষিদ্ধ হয়েছেন। পুরো ফিট না হলেও দ্বিতীয় ম্যাচে অগত্যা ম্যাথিউসকে ফিরতে হলো। বোলিং করেননি, কেবল ব্যাটসম্যান হিসেবেই খেলেছেন। তাতেই বাজিমাত। ভারতের ৩২১ রান টপকে শ্রীলঙ্কাকে দারুণ জয় পাইয়ে মাঠ ছেড়েছেন তিনি। ৮ বল হাতে রেখে ভারতকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের লড়াই জমিয়ে তুলেছে ভাঙাগড়ার মধ্যে থাকা শ্রীলঙ্কা।
চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে রেকর্ড রান তাড়ায় বড় অবদান কুশল মেন্ডিসের ৮৯। গুনাতিলেকা করেন ৭৬। হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়ার আগে কুশল পেরেরা করেছেন ৪৭। আর অধিনায়ক ম্যাথিউস ফেরার ম্যাচে তুলে নিয়েছেন ফিফটি।
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে রানের নিচেই চাপা পড়ার মঞ্চ তৈরি ছিল লঙ্কার। শেখর ধাওয়ানের সেঞ্চুরি (১২৫)। রোহিত শর্মা (৭৮) আর মহেন্দ্র সিং ধোনীর (৬৩) দুই হাফ সেঞ্চুরিতে ৩২১ রানের পাহাড় গড়ে ভারত। কে ভেবেছিল, অনায়াসেই সেই পাহাড় ডিঙ্গিয়ে সবাইকে চমকে দেবে লঙ্কানরা।
বি গ্রুপের চার দলই একটি করে জয় আর হার নিয়ে সমান অবস্থানে আছে। শেষ চারে উঠার লড়াইয়ে সবার পথই তাই থাকল খোলা।